উম্মাহর ঐক্য ও আজকের বাস্তবতা-
যখন আমরা আজকের ইসলামী বিশ্বের দিকে তাকাই এবং অতীতের দিকে ফিরে দেখি, তখন একটি স্পষ্ট ব্যবধান চোখে পড়ে এক গভীর পশ্চাৎপদতা, এক বিস্তর দূরত্ব। এই দূরত্ব কেবল উন্নয়ন বা শক্তির নয়; বরং চিন্তা, ঐক্য ও চেতনার।
একসময় এমন এক যুগ ছিল, যখন মুসলিম উম্মাহ সত্যিকারের একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল। তারা আল্লাহর প্রদত্ত হিদায়াতের পথকে দৃঢ়ভাবে ধারণ করেছিল, সেই পথের ওপর অটল ছিল, এবং সেই আদর্শ তাদেরকে এক হৃদয়ে পরিণত করেছিল। তখন ভৌগোলিক দূরত্ব কোনো বাধা ছিল না; বরং ঈমানের বন্ধন ছিল তাদের প্রকৃত পরিচয়।
তখন চীনের প্রান্তে বসবাসকারী একজন মুসলিমের হৃদয়ের সম্পর্ক ছিল মরক্কোর মুসলিম ভাইয়ের সঙ্গে। একজন মুসলিম যখন অন্য কোনো ইসলামী ভূখণ্ডে যেত, তখন সে নিজেকে অপরিচিত মনে করত না। তার পরিচয় ছিল না জাতি, ভাষা বা ভূখণ্ড; তার পরিচয় ছিল সে একজন মুসলিম।
কোনো দেশ, কোনো জাতি তাকে আলাদা করে দেখত না। সে আরব হোক, মিশরীয় হোক, শামী হোক বা মাগরিবি—সবাই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিল। ইসলামী রাষ্ট্রগুলোও এই চেতনার প্রতিফলন ঘটাত। তারা অন্য অঞ্চল থেকে আগত মুসলিমদেরকে নিজেদের মতোই গ্রহণ করত, তাদের সুযোগ দিত, দায়িত্ব দিত, এমনকি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োজিত করত।
তখন একজন শামী আলেম মাগরিবে গিয়ে শিক্ষকতা করতে পারতেন, প্রশাসনের দায়িত্ব নিতে পারতেন, কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো খাতে কাজ করতে পারতেন, কোনো প্রকার সংকীর্ণতা বা বিভাজন ছাড়াই।
কিন্তু আজ যে বিভক্তি আমরা দেখি জাতীয়তা, ভৌগোলিক সীমারেখা, সংকীর্ণ পরিচয়ের দ্বন্দ্ব এগুলো তখন ছিল না। এগুলো পরবর্তীকালের এক কালো ফিতনা, যা উম্মাহর ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে।
অতীতের আরেকটি বিস্ময়কর দিক ছিল যোগাযোগের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মুসলিম সমাজগুলো একে অপরের খবর রাখত। তখন না ছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থা, না ছিল দ্রুতগতির পরিবহন। তবুও এক অঞ্চলের ঘটনা অন্য অঞ্চলে পৌঁছে যেত, মানুষ একে অপরের অবস্থা সম্পর্কে সচেতন থাকত।
আজকের যুগে, যেখানে ডাকব্যবস্থা, মুদ্রণ প্রযুক্তি, বিমান, টেলিযোগাযোগ সবকিছুই পৃথিবীকে একত্রে নিয়ে এসেছে, সেখানে এই বিচ্ছিন্নতা আরও প্রকট হয়ে উঠেছে। প্রযুক্তি বিশ্বকে কাছে এনেছে, কিন্তু হৃদয়গুলোকে দূরে সরিয়ে দিয়েছে।
এই বাস্তবতা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা কোথায় হারিয়ে ফেলেছি সেই ঐক্যের শক্তি? অতীতে শক্তির মূল ছিল ঈমান ও ঐক্য। আর আজ দুর্বলতার মূল হলো বিভাজন ও সংকীর্ণতা। সুতরাং ঐক্য শুধু স্লোগান নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে হৃদয় এক হয়, সেখানেই শক্তি জন্ম নেয়। তাই প্রয়োজন আবার সেই চেতনায় ফিরে যাওয়া, যেখানে পরিচয় একটাই- আমরা মুসলিম, আমরা এক উম্মাহ।
-মাহমুদ শাকের রাহিমাহুল্লাহ।