ইমাম বুখারি رحمه الله ও সহীহ বুখারির অনন্য মর্যাদা-
হাদীসের জগতে কুতুবুস সিত্তাহ (ছয়টি প্রসিদ্ধ হাদীস গ্রন্থ) বিশেষ মর্যাদাপূর্ণ। এগুলোর সংকলক হলেন—
১. ইমাম মুহাম্মদ ইবনু ইসমাঈল আল-বুখারি رحمه الله
২. ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ رحمه الله
৩. ইমাম আবু দাউদ সিজিস্তানি رحمه الله
৪. ইমাম আবু ঈসা আত-তিরমিজি رحمه الله
৫. ইমাম আন-নাসাঈ رحمه الله
৬. ইমাম ইবনু মাজাহ رحمه الله
এদের মধ্যে ইমাম বুখারি رحمه الله সংকলিত “সহীহ আল-বুখারি” মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত সম্মানিত একটি গ্রন্থ। অধিকাংশ মুহাদ্দিসের মতে, কুরআন মাজিদের পর এটি সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হিসেবে বিবেচিত।
সহীহ বুখারির সংকলনের পেছনের ত্যাগ-
ইমাম বুখারি رحمه الله দীর্ঘ ১৬ বছর অক্লান্ত পরিশ্রম করে তাঁর এই মহান গ্রন্থ সংকলন করেন। তিনি হাদীস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। বর্ণনাকারীদের জীবন, স্মরণশক্তি, সত্যবাদিতা ও হাদীসের সনদ যাচাই করে তারপর হাদীস গ্রহণ করতেন।
বলা হয়, তিনি কোনো হাদীস গ্রন্থে লিপিবদ্ধ করার আগে আল্লাহর কাছে ইস্তিখারা ও দুই রাকাত নফল সালাত আদায় করতেন। এটি তাঁর তাকওয়া, সতর্কতা ও আল্লাহভীতির পরিচায়ক।
সহীহ বুখারির শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর একটি: ফাতহুল বারি-
সহীহ বুখারির ওপর বহু ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে। এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ ব্যাখ্যাগুলোর একটি হলো—
“ফাতহুল বারি শরহু সহীহিল বুখারি”।
যা রচনা করেছেন বিখ্যাত মুহাদ্দিস ও হাফিজ—
হাফিজ ইবনু হাজার আল-আসকালানি رحمه الله।
এই বিশাল গ্রন্থের ব্যাখ্যা ও সংকলনে তিনি প্রায় ২৫ বছর সময় ব্যয় করেন। এতে হাদীসের ব্যাখ্যা, ফিকহি মাসআলা, সনদের আলোচনা এবং পূর্ববর্তী আলেমদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
আলেমদের দৃষ্টিতে ইমাম বুখারির মর্যাদা-
ইমাম ইবনু খুযাইমা رحمه الله বলেছেন—
“আমি আসমানের নিচে রাসূলুল্লাহ ﷺ-এর হাদীস সম্পর্কে মুহাম্মদ ইবনু ইসমাঈল আল-বুখারির চেয়ে অধিক জ্ঞানী ও অধিক সংরক্ষণকারী কাউকে দেখিনি।” (সিয়ারু আ‘লামিন নুবালা: ১২/৪৩১)।
ইমাম আত-তিরমিজি رحمه الله বলেছেন—
“আমি ইরাক ও খোরাসানে হাদীসের ইলাল (সূক্ষ্ম ত্রুটি), ইতিহাস এবং সনদ সম্পর্কে মুহাম্মদ ইবনু ইসমাঈল আল-বুখারির চেয়ে অধিক জ্ঞানী কাউকে দেখিনি।” (সিয়ারু আ‘লামিন নুবালা: ১২/৪৩২)।
সহীহ বুখারির ওপর আলেমদের বিশাল কাজ-
সহীহ বুখারির ওপর শতাধিক ব্যাখ্যা, টীকা ও গবেষণাগ্রন্থ রচিত হয়েছে। শত শত বছর ধরে মুহাদ্দিসগণ এর হাদীসসমূহের ব্যাখ্যা, শিক্ষা ও গবেষণা করে আসছেন।
এটি প্রমাণ করে যে, হাদীস সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে মুসলিম আলেমরা কত গভীর পরিশ্রম করেছেন।
সহীহ বুখারি শুধু একটি হাদীসের সংকলন নয়; বরং এটি হাদীস সংরক্ষণ, গবেষণা, সতর্কতা ও ইলমের প্রতি মুহাদ্দিসদের অসাধারণ নিষ্ঠার এক উজ্জ্বল নিদর্শন।
ইমাম বুখারি رحمه الله-এর জীবন আমাদের শিক্ষা দেয়— সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন গভীর অধ্যবসায়, আল্লাহভীতি, সতর্কতা এবং ইখলাস।
আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন ও সহীহ সুন্নাহকে ভালোবাসার এবং সঠিকভাবে বুঝে আমল করার তাওফিক দান করুন। আমীন!
আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।