বইপড়ার প্রতি অদম্য অনুরাগ-
জ্ঞানপিপাসু মানুষের ইতিহাসে এমন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, যা আমাদেরকে গভীরভাবে নাড়া দেয়। তারা শুধু বই পড়তেন না; বরং বই ছিল তাদের জীবন, তাদের নিঃশ্বাস, তাদের প্রশান্তি। প্রখ্যাত আলেম আবুল আব্বাস আল-মুবাররিদ বলেন:
ما رأيت أحرص على العلم من ثلاثة: الجاحظ، والفتح بن خاقان، وإسماعيل بن إسحاق القاضي
– আমি জ্ঞানার্জনে তিনজনের মতো আগ্রহী কাউকে দেখিনি। জাহিয, ফাতহ ইবন খাকান এবং ইসমাঈল ইবন ইসহাক আল-ক্বাযী। এরপর তিনি তাদের অবস্থা বর্ণনা করেন। জাহিয সম্পর্কে বলেন:
كان إذا وقع في يده كتاب قرأه من أوله إلى آخره
– তার হাতে কোনো বই পড়লে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতেন। আর ফাতহ ইবন খাকান তিনি এমন পর্যায়ের পাঠক ছিলেন যে,
كان يحمل الكتاب في خفه… فينظر فيه وهو يمشي
– তিনি পরিহিত মোজা মধ্যে বই রাখতেন, আর হাঁটতে হাঁটতে তাতে দৃষ্টি বুলাতেন। আর ইসমাঈল ইবন ইসহাক,
ما دخلت عليه قط إلا وفي يده كتاب
– আমি কখনো তার কাছে যাইনি, অথচ তার হাতে বই ছিল না, এমন হয়নি।
এমনই আরেক বিস্ময়কর ব্যক্তিত্ব আবুল ওয়াফা ইবন আকীল (রাহিমাহুল্লাহ) বলেন:
إني لا يحل لي أن أضيع ساعة من عمري
– আমার জন্য বৈধ নয়, আমি আমার জীবনের একটি মুহূর্তও নষ্ট করি। তিনি আরও বলেন, যখন তিনি পড়তে বা আলোচনা করতে পারতেন না, তখনও তিনি চিন্তা চালিয়ে যেতেন, যতক্ষণ না নতুন কোনো জ্ঞান লিখে রাখার মতো বিষয় মনে আসে।
প্রখ্যাত আলেম ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ ) বলেন:
ما أشبع من مطالعة الكتب
-আমি কখনো বই পড়া থেকে তৃপ্ত হই না। তিনি আরও বলেন:
إذا رأيت كتاباً لم أره فكأني وقعت على كنز
– যখন কোনো নতুন বই দেখি, মনে হয় যেন গুপ্তধন পেয়েছি।
ইমাম ইবনুল কয়্যিম (রাহিমাহুল্লাহ) এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যিনি অসুস্থ অবস্থাতেও বই পড়া ছাড়েননি। ডাক্তার যখন তাকে নিষেধ করলেন, তিনি বললেন:
أليست النفس إذا فرحت قويت الطبيعة؟
– মন যখন আনন্দিত হয়, তখন কি শরীর শক্তিশালী হয় না? তিনি বোঝাতে চেয়েছিলেন, জ্ঞান তার হৃদয়ে আনন্দ দেয়, আর সে আনন্দই তাকে শক্তি দেয়।
আন্দালুসের প্রখ্যাত আলেম ইবনু রুশদ -এর নাতি সম্পর্কে বলা হয়:
لم يدع النظر والقراءة منذ عقل إلا ليلة وفاة أبيه وليلة عرسه
– তিনি জ্ঞান হওয়ার পর থেকে পড়াশোনা ছাড়েননি, শুধু দুই রাতে; পিতার মৃত্যুর রাত ও নিজের বিয়ের রাত। আরেকজন বলেন:
غبرت أربعين عاماً ما قلت ولا بت ولا اتكأت إلا والكتاب على صدري
– চল্লিশ বছর কাটিয়েছি, কখনো বসিনি, শুইনি বা বিশ্রাম নিইনি, অথচ বুকের উপর বই ছিল না এমন হয়নি।
একজন জ্ঞানপিপাসু পিতার অবস্থা তার সন্তান এভাবে বর্ণনা করেন, তিনি ৬৭ বছর বেঁচেছিলেন, কিন্তু একদিনও বই পড়া ছাড়া কাটাননি। এমনকি ঈদের দিনেও না। যখন তাকে বিশ্রাম নিতে বলা হলো, তিনি বললেন:
والله لا أحسب راحة تبلغ مبلغها
– আল্লাহর কসম! এর মতো প্রশান্তি আর কিছুতে নেই।
একজন পিতা গরম দুপুরে প্রদীপ জ্বালিয়ে বই লিখছিলেন। ছেলে বলল এটা তো বিশ্রামের সময়!
তিনি উত্তরে বললেন:
أنا مع رسول الله وأصحابه والتابعين
– আমি এখন রাসূল ﷺ, সাহাবী ও তাবেঈনদের সাথেই আছি!
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) সম্পর্কে বলা হয়েছে:
لا تكاد نفسه تشبع من العلم
– তার আত্মা কখনো জ্ঞান থেকে তৃপ্ত হতো না।
শাইখ আলী তানতভী (রাহিমাহুল্লাহ) বলেন:
ربما مر علي يوم أقرأ فيه ثلاثمئة صفحة
– অনেক দিন গেছে, আমি দিনে ৩০০ পৃষ্ঠা পড়েছি।
আর মাহমুদ শাকের (রাহিমাহুল্লাহ) বলেন, তিনি কুরআন, হাদীস, ফিকহ, ভাষা, ইতিহাস, এমনকি চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত পড়েছেন। তার উদ্দেশ্য ছিল:
لألاحظ وأتبين وأزيح الثرى عن الخبيء
-আমি পর্যবেক্ষণ করি, বুঝি এবং লুকানো সত্যকে প্রকাশ করি।
উপরোল্লিখিত এই সব ঘটনা আমাদের শেখায় যে, জ্ঞান অর্জন কোনো সাধারণ কাজ নয়; এটি একটি ভালোবাসা, একটি নেশা, একটি ইবাদত। যারা জ্ঞানকে ভালোবেসেছেন, তারা সময়কে নষ্ট করেননি; বরং সময়কে অর্থবহ করেছেন। তাই, আপনি যদি সত্যিকার অর্থে উন্নতি করতে চান, তবে বইকে সঙ্গী বানান।
কারণ, বই শুধু জ্ঞান দেয় না, মানুষকে গড়ে তোলে, চিন্তাকে শাণিত করে, আর আত্মাকে আলোকিত করে। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
– আব্দুল হাকীম মাদানী
১২ এপ্রিল, ২০২৬, রোববার
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)




