ভয় পাবেন না… ভয় পাবেন না!
বর্তমান সময়ের নানা ঘটনা, উদ্বেগ আর অনিশ্চয়তার মাঝে মানুষের অন্তর অস্থির হয়ে ওঠে। এমন সময়ে আমাদের প্রয়োজন এমন কিছু স্মরণিকা, যা হৃদয়কে দৃঢ় করবে, এবং আমাদের ফিরিয়ে নেবে সেই সত্তার দিকে যার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ। নিচে কিছু হৃদয়স্পর্শী নসীহা তুলে ধরা হলো, যা ইনশাআল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি জাগাবে।
প্রথমত, নিশ্চিন্ত থাকুন…
আমাদের যা কিছু ঘটেছে, তা কখনোই এড়ানোর ছিল না; আর যা এড়িয়েছে, তা কখনো আমাদের জন্য নির্ধারিত ছিল না। আমরা আল্লাহর হেফাজতেই আছি। তাই নিজেদের, আমাদের দেশ ও সন্তানদের আল্লাহর কাছে সোপর্দ করুন। আল্লাহ তাআলার এই বাণী স্মরণ করুন, ‘বল, আমাদেরকে কেবল সেটাই স্পর্শ করবে, যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন।’ এই একটি আয়াতই যথেষ্ট হৃদয়কে শান্ত করার জন্য, তাই একে দৃঢ় বিশ্বাসের সাথে বারবার পড়ুন।
দ্বিতীয়ত, উদ্বেগের সময়ই অন্তরের পরীক্ষা হয়।
তাই আপনার অন্তরকে খবরের উপর নয়, বরং আল্লাহর সাথে যুক্ত রাখুন। বেশি বেশি ইস্তিগফার করুন, কারণ এতে আছে প্রশান্তি, মুক্তি এবং অন্তরের প্রশস্ততা।
তৃতীয়ত, ভয় ছড়াবেন না; বরং প্রশান্তি ছড়ান।
একটি কথা অনেক হৃদয়কে স্থির করতে পারে, আবার একটি গুজব পুরো সমাজকে অস্থির করে দিতে পারে। তাই আপনার ভাষা হোক শান্তির বাহক।
চতুর্থত, পরিস্থিতি যত কঠিনই হোক…
নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি সূক্ষ্মভাবে দয়াশীল, এবং তাঁর প্রিয় বান্দাদের প্রতি অত্যন্ত দয়াময়। তাই সবকিছু তাঁর কাছে সোপর্দ করুন, এবং উত্তম পরিণতির আশায় থাকুন।
পঞ্চমত, আপনার ঘরগুলোকে যিকিরে জীবন্ত রাখুন।
জিহ্বাকে ইস্তিগফারে সজীব রাখুন, অন্তরকে ইয়াকীনে পরিপূর্ণ করুন। কোনো বিপদ এলে নামাজের দিকে ধাবিত হন, যেমনটি আমাদের প্রিয় নবী ﷺ করতেন।
ষষ্ঠত, আমরা এমন একটি উম্মাহ, যারা তাদের রবকে চেনে। তাই কোনো শব্দ বা ঘটনা আমাদের ভেঙে দিতে পারে না। আমাদের দৃঢ়তা আমাদের ঈমানে, আমাদের আকীদায়, এবং আমাদের পারস্পরিক ঐক্যের। আমাদের উচিত ঐক্যবদ্ধ থাকা এবং সঠিক নেতৃত্ব ও আলেমদের পরামর্শকে গুরুত্ব দেওয়া।
সপ্তমত, সবসময় এই দুআ পড়ুন-
‘হে আল্লাহ! আমরা আমাদের নিজেদের, আমাদের পরিবার এবং আমাদের দেশকে আপনার কাছে সোপর্দ করছি। আপনি আপনার হেফাজতে আমাদের রক্ষা করুন।’
আপনার চারপাশের মানুষের জন্য আপনি হোন নিরাপত্তার উৎস; একটি সুন্দর কথা, একটি আশাব্যঞ্জক বার্তা, এবং একটি আন্তরিক দুআর মাধ্যমে। এভাবেই সমাজে প্রশান্তি প্রতিষ্ঠিত হয়।
হে আল্লাহ! আমাদের দেশ ও সমগ্র মুসলিম উম্মাহকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমাদের অন্তরে প্রশান্তি দিন, এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তাওফীক দান করুন। আমীন!