ঈমান বিল কদর (তাকদীরে বিশ্বাস)-
তাকদীরের প্রতি ঈমান ইসলামী আকীদার একটি মৌলিক স্তম্ভ। এটি এমন একটি বিশ্বাস, যার পূর্ণতা ছাড়া কোনো মানুষের ঈমান সম্পূর্ণ হয় না। এই ঈমান চারটি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যা সংক্ষেপে বলা হয়-
علمٌ، وكتابةٌ، ومشيئةٌ، وخلق
অর্থাৎ: জ্ঞান, লেখা, ইচ্ছা ও সৃষ্টি।
প্রথমত: العلم (আল-ইলম)—
এর অর্থ হলো, আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্পর্কে সম্পূর্ণ অবগত। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই তাঁর জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। কোনো কিছুই তাঁর থেকে গোপন নয়, যত সূক্ষ্মই হোক না কেন।
দ্বিতীয়ত: الكتابة (আল-কিতাবাহ)—
এর অর্থ হলো, আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সবকিছুর তাকদীর পূর্বেই লিখে রেখেছেন। আসমান-যমীন সৃষ্টির আগেই তিনি সবকিছুর নির্ধারণ লাওহে মাহফূযে লিপিবদ্ধ করেছেন।
তৃতীয়ত: المشيئة (আল-মাশিআহ)—
এর অর্থ হলো, আপনি বিশ্বাস করবেন যে এই বিশ্বজগতে যা কিছু ঘটে, সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। তিনি যা চান, তা-ই ঘটে। আর যা তিনি চান না, তা কখনোই ঘটে না।
চতুর্থত: الخلق (আল-খাল্ক)—
এর অর্থ হলো, আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলাই সবকিছুর স্রষ্টা। শুধু সৃষ্টিজগতই নয়, বরং বান্দাদের কর্মও তাঁর সৃষ্টির অন্তর্ভুক্ত।
এই চারটি বিষয় মিলেই তাকদীরের প্রতি পূর্ণ ঈমান গঠিত হয়। এগুলো ইসলামী আকীদার এমন মৌলিক অংশ, যা ছাড়া ঈমান পূর্ণতা পায় না। সুতরাং, একজন মুমিনের জন্য আবশ্যক হলো এই চারটি স্তম্ভকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করা এবং তার আলোকে জীবন পরিচালনা করা। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!



![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/আকীদাহ-অধ্যয়নের-একটি-গুরুত্বপূর্ণ-দিক-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাওহীদ-কীভাবে-পড়বেন-350x250.jpg)







