কখনো কখনো মানুষের অন্তর ভেঙে পড়ে দুনিয়ার দুয়ারে দাঁড়িয়ে। কোথাও প্রাচুর্য, কোথাও বঞ্চনা এই বৈপরীত্য দেখে মনে এক অদৃশ্য কষ্ট জন্ম নেয়। তখন মনে প্রশ্ন জাগে কেন গাফেল মানুষরা আরামে জীবন কাটায়, আর সৎ ও জ্ঞানী মানুষদের কষ্ট ও সংকীর্ণতায় দিন পার করতে হয়?
এই অন্তর্দ্বন্দ্ব আসলে হৃদয়ের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ। যখন দুনিয়ার চাকচিক্যই সুখের মাপকাঠি হয়ে যায়, তখন মানুষ আল্লাহর নির্বাচনের সৌন্দর্য বুঝতে ব্যর্থ হয়। অথচ এই ‘নির্বাচন’ আল্লাহর বাছাই-ই হলো দ্বীনের একটি মৌলিক ভিত্তি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনিই একমাত্র নির্বাচনের অধিকারী। তিনি যাকে চান, যেভাবে চান, যেখান থেকে চান নির্বাচন করেন। তিনি মানুষের মধ্য থেকে নবী নির্বাচন করেছেন, স্থানগুলোর মধ্যে মক্কাকে, সময়ের মধ্যে হারাম মাসগুলোকে, এবং প্রতিটি মানুষের জন্য এমন তাকদীর নির্ধারণ করেছেন, যা তার জন্য সর্বোত্তম।
এই নির্বাচনের বিষয়ে অন্তরের গভীরে আপত্তি করা, যদিও তা প্রকাশ না পায় এটাই মানুষের দুর্ভাগ্যের সূচনা। শয়তানও প্রথম এই ভুলই করেছিল, যখন সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। সে আল্লাহর নির্বাচনের প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিল, আর সেখান থেকেই তার পতন।
যখন জীবনের পথ সংকীর্ণ হয়ে আসে, তখন মনে রাখতে হবে আল্লাহর দুটি নির্বাচন আছে। একটি হলো ‘তাকদীরগত নির্বাচন’, যা পৃথিবীতে যা কিছু ঘটে তার সবকিছু। আরেকটি হলো ‘শরীয়তগত নির্বাচন’, যা আল্লাহ আমাদেরকে করতে আদেশ করেছেন।
প্রথমটির ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। আর দ্বিতীয়টির ক্ষেত্রে পূর্ণ আনুগত্য। আমরা দুনিয়ার কোনো কিছু থেকে বঞ্চিত হলে, যদি তার পেছনের রহস্য বুঝতে পারতাম, তাহলে হয়তো সেই বঞ্চনাকেই ভালোবাসতাম। হতে পারে, যে জিনিসটি আমরা পেতে চেয়েছিলাম, সেটিই আমাদের জন্য ক্ষতির কারণ হতো, আর আল্লাহ আমাদেরকে তা থেকে রক্ষা করেছেন।
সাহাবায়ে কেরাম এই শিক্ষাকে বাস্তবে ধারণ করেছিলেন। হযরত উমর (রাযিয়াল্লাহু আনহু) একবার রাসূলুল্লাহ ﷺ-কে একটি খড়ের/খেজুর পাটির বিছানায় শুয়ে থাকতে দেখে কেঁদে ফেলেন, অথচ পারস্য ও রোমের রাজারা বিলাসে মগ্ন। তখন নবী ﷺ বলেছিলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত?
এই ঈমানই হযরত হাজেরা (আলাইহাস সালাম)-এর অন্তরে দৃঢ় ছিল, যখন ইবরাহীম (আলাইহিস সালাম) তাঁকে জনমানবহীন মরুভূমিতে রেখে যান। তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন, এটা কি আল্লাহর আদেশ? যখন উত্তর পেলেন হ্যাঁ, তখন বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না।
আর হযরত যায়নাব বিনতে জাহশ (রাযিয়াল্লাহু আনহা)-এর ঘটনায় আমরা শরীয়তগত নির্বাচনের প্রতি পূর্ণ আত্মসমর্পণের চিত্র দেখি। প্রথমে তিনি একটি বিয়েতে সম্মত ছিলেন না, কিন্তু যখন আল্লাহর আদেশ নাযিল হলো, তখন তিনি তা মেনে নিলেন। এর প্রতিদান হিসেবে আল্লাহ নিজেই তাঁকে নবী ﷺ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, যা তাঁর জন্য ছিল এক বিশেষ সম্মান।
এই ঘটনাগুলো আমাদের শেখায় যে, মহান আল্লাহর সিদ্ধান্তের সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন আমরা নিজের পরিকল্পনা ছেড়ে দিয়ে তাঁর উপর ভরসা করি।
বর্তমানে আমরা যিলকদ মাসে অবস্থান করছি, যা হারাম মাসগুলোর একটি সূচনা। এই মাসগুলো আল্লাহ বিশেষভাবে নির্বাচন করেছেন, যেন বান্দারা এতে ইবাদতে মনোযোগী হয় এবং নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে। এই সময়ে পাপের গুরুতরতা বাড়ে, আবার নেক আমলের মর্যাদাও বহুগুণ বৃদ্ধি পায়।
অতএব, এই মাসকে অবহেলায় নষ্ট না করে, এটিকে বানাতে হবে আত্মসমালোচনা ও সংশোধনের সুযোগ। আমাদের উচিত নিজেদের অন্তরের মাপকাঠি পুনরায় ঠিক করা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করা যে, মহান আল্লাহর প্রতিটি নির্বাচনই সর্বোত্তম, সর্বাধিক প্রজ্ঞাপূর্ণ এবং সর্বাধিক দয়ালু।
সর্বোপরি মহান আল্লাহ যা নির্বাচন করেন, সেটিই আমাদের জন্য উত্তম। আমাদের কাজ হলো তা মেনে নেওয়া, এবং তাঁর নির্দেশ অনুযায়ী চলা। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফীক্ব দান করুন। আমীন!
২২ এপ্রিল/২০২৬
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী-৬২০৩।

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)




