মুরুআহ: চরিত্রের সৌন্দর্য ও আত্মমর্যাদার পূর্ণাঙ্গ রূপ
মুরুআহ (مروؤة) বা ব্যক্তিত্বের মর্যাদা সম্পর্কে আলেমগণ বিভিন্নভাবে আলোচনা করেছেন। কেউ বলেছেন, এটি হলো মানুষের প্রবৃত্তির উপর তার বিবেকের প্রাধান্য প্রতিষ্ঠা করা। আবার ফকীহদের ভাষায়, মুরুআহ হলো এমন সব কাজ করা, যা মানুষকে সৌন্দর্যমণ্ডিত ও সম্মানিত করে এবং এমন সব কাজ বর্জন করা, যা তাকে কলুষিত ও অসম্মানিত করে তোলে। অন্যভাবে বলা হয়েছে প্রত্যেক উত্তম চরিত্র গ্রহণ করা এবং প্রত্যেক নিকৃষ্ট চরিত্র থেকে দূরে থাকাই মুরুআহ। মূলত এর সারকথা হলো- কথা, কাজ ও আচার-আচরণে সব ধরনের নীচতা ও অসভ্যতা থেকে নিজেকে বিরত রাখা।
মানুষের ব্যক্তিগত জীবনে মুরুআহ প্রকাশ পায় তার স্বভাবের মাধুর্য, কোমলতা ও নম্রতার মাধ্যমে। এমন একজন মানুষকে সহজেই গ্রহণ করা যায় এবং তার কাছ থেকে উপকার লাভ করাও সহজ হয়, ঠিক যেমন একটি ফলবান বৃক্ষ থেকে সহজে ফল পাওয়া যায়। চরিত্রের দিক থেকে মুরুআহ হলো উদারতা, প্রশস্ততা এবং প্রিয়-অপ্রিয় সবার প্রতি ভালো আচরণ করা। সম্পদের ক্ষেত্রে মুরুআহ তখনই প্রকাশ পায়, যখন তা যথাস্থানে ব্যয় করা হয়; যেখানে বুদ্ধি, সমাজ ও শরীয়ত তিনটিই তা প্রশংসা করে। আর সম্মান-প্রতিপত্তির মুরুআহ হলো, সেটিকে মানুষের কল্যাণে ব্যবহার করা, বিশেষ করে যারা এর প্রয়োজন অনুভব করে তাদের জন্য। ইহসান বা সৎকর্মের মুরুআহ হলো তা দ্রুত, সহজ ও পূর্ণভাবে সম্পন্ন করা; কাজ করার সময় নিজের অবদানকে বড় করে না দেখা এবং কাজ শেষে তা ভুলে যাওয়া।
অন্যদিকে, মুরুআহের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কিছু বিষয় পরিত্যাগ করা। এর মধ্যে রয়েছে ঝগড়া-বিবাদ, অতিরিক্ত তর্ক-বিতর্ক, অভিযোগ ও বিরোধ এড়িয়ে চলা। নিজের অধিকার আদায়ের ক্ষেত্রেও সংযম প্রদর্শন করা, মানুষের ছোটখাটো ভুলত্রুটি উপেক্ষা করা এবং তাদের সম্মান অক্ষুণ্ণ রাখা। প্রকৃত মুরুআহ হলো এমন আচরণ করা, যেন তুমি কারও দোষ জানো না, অর্থাৎ মানুষের ভুলকে প্রচার না করা এবং তাদের মর্যাদা রক্ষা করা। এর পাশাপাশি বড়দের সম্মান করা, সমবয়সীদের মর্যাদা বজায় রাখা এবং ছোটদের সাথে শালীন আচরণ করাও মুরুআহের অংশ।
মুরুআহের প্রথম স্তর হলো নিজের সাথে মুরুআহ। এর অর্থ- মানুষ তার নির্জন জীবনেও এমন আচরণ করবে, যা তাকে সম্মানিত করে এবং এমন সব কাজ থেকে বিরত থাকবে, যা তাকে হীন করে তোলে। কারণ, গোপনে যে অভ্যাস গড়ে ওঠে, তা একসময় প্রকাশ্য জীবনেও প্রতিফলিত হয়। তাই একজন সচেতন মানুষ একাকীত্বেও এমন কোনো কাজ করে না, যা সে মানুষের সামনে করতে লজ্জা পায়, তবে সেইসব কাজ ব্যতীত, যা স্বাভাবিকভাবেই নির্জনের বিষয় এবং শরীয়তসম্মত।
দ্বিতীয় স্তর হলো মানুষের সাথে মুরুআহ। এর অর্থ, মানুষের সাথে লজ্জাশীলতা, শালীনতা ও উত্তম চরিত্রের মাধ্যমে আচরণ করা। নিজের জন্য অন্যদেরকে আয়না বানানো, অর্থাৎ অন্যের মধ্যে যে আচরণ অপছন্দ হয়, তা নিজে পরিহার করা এবং যে আচরণ ভালো লাগে, তা নিজে গ্রহণ করা। এভাবে একজন মানুষ তার আশেপাশের সকল মানুষের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতে পারে; চাই তারা ভালো হোক বা খারাপ। অনেক সময় মানুষ খারাপ চরিত্রের মানুষের কাছ থেকেও ভালো চরিত্র শিখে থাকে, কারণ সে তাদের দোষ দেখে তার বিপরীত গুণ নিজের মধ্যে গড়ে তোলে।
তৃতীয় ও সর্বোচ্চ স্তর হলো মহান আল্লাহর সাথে মুরুআহ। এটি এমন এক অনুভূতি, যেখানে মানুষ সর্বদা সচেতন থাকে যে মহান আল্লাহ তাকে দেখছেন। এই উপলব্ধি তাকে নিজের ত্রুটি সংশোধনে সচেষ্ট করে। সে বুঝতে পারে, তার জীবন ও সত্তা আল্লাহর কাছে সমর্পিত একটি আমানত, যা তাকে শুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তাই সে নিজের ত্রুটি দূর করার চেষ্টা করে এবং উপলব্ধি করে যে এই সংশোধনের তাওফীকও মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। এই উপলব্ধি তার মধ্যে বিনয় সৃষ্টি করে, তাকে অন্যের দোষ খোঁজা থেকে বিরত রাখে এবং নিজের আমল নিয়েও অহংকার করতে দেয় না।
সারসংক্ষেপে, মুরুআহ কোনো বাহ্যিক আচরণের নাম নয়; বরং এটি মানুষের অন্তর, চরিত্র ও জীবনাচরণের একটি পূর্ণাঙ্গ পরিশুদ্ধ অবস্থা। এটি এমন এক গুণ, যা মানুষকে মহান আল্লাহর নিকট প্রিয় করে তোলে এবং মানুষের কাছেও সম্মানিত করে।
মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
২০ এপ্রিল/২০২৬, সোমবার
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী-৬২০৩

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/সালাতে-অন্তরের-উপস্থিতির-মনোযোগ-গুরুত্ব-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/ইমাম-ইবনুল-জাওযী-رحمه-الله-এক-গভীর-সত্য-কথা-বলেছেন-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/মানুষের-সম্পর্কের-জগৎ-বড়ই-বিচিত্র-350x250.jpg)

![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/বই-পড়ার-প্রতি-গভীর-আসক্তি-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/নম্রতার-সৌন্দর্য-ও-প্রকৃত-পরিপূর্ণতা-350x250.jpg)
![সালাতে অন্তরের উপস্থিতির [মনোযোগ] গুরুত্ব](https://alilmbd.com/wp-content/uploads/2026/10/তাড়াহুড়ো-করে-গড়ে-তোলা-নৈতিক-নির্মাণ-যার-পূর্ণতা-খুব-অল্প-350x250.jpg)




