•| মিথ্যার পচনশীল লাশ |•
যদি আপনি পাপের ভিতরকার গঠনটা গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন মিথ্যা যেন এক পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, যা থেকে অসংখ্য নীচতা ও পাপ জন্ম নেয়। এটি এমন এক প্রশস্ত দরজা, যার মাধ্যমে অন্য সব গুনাহ প্রবেশ করে। এ বাস্তবতাকে স্পষ্ট করে দেয় নববী বাণী- নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
পাপের স্বভাবই হলো সে একা থাকতে পারে না; নিজেকে টিকিয়ে রাখতে তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যাকে সে ঢাল বানায়, নিজের কুৎসিত চেহারা ঢাকতে। আর যখন আপনি এই দরজাটি একবার খুলে দেন, তখন আপনি বাধ্য হন একের পর এক নতুন মিথ্যা, প্রতারণা, অন্যায় দিয়ে প্রথম মিথ্যাকে ঢাকতে। এভাবে ধীরে ধীরে মন্দ আপনার জীবনের একটি পূর্ণাঙ্গ পদ্ধতিতে পরিণত হয়। অবশেষে আপনি পৌঁছে যেতে পারেন সেই ভয়ংকর পরিণতিতে, যার কথা হাদীসে এসেছে- মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যার অনুসন্ধান করতে থাকে, অবশেষে আল্লাহর কাছে সে ‘মিথ্যাবাদী’ হিসেবে লিখিত হয়। এমন ব্যক্তি তার শক্তি ও চিন্তাশক্তি ব্যয় করে শুধু মিথ্যার ফাঁকফোকর ভরাট করতে, নতুন নতুন কৌশল বানাতে।
পতনের সবচেয়ে লজ্জাজনক স্তর-
এই অধঃপতনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য হলো যখন মিথ্যাবাদী নিজেই এক করুণ হাস্যরসে পরিণত হয়।
আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলেন, মনে করেন আপনি খুব দক্ষতার সাথে সত্যকে বিকৃত করছেন। অথচ আপনার শ্রোতারা অন্তরে নিশ্চিত জানে, আপনি মিথ্যা বলছেন। তারা আপনাকে সঙ্গ দেয়, হয় করুণা করে, না হয় অবজ্ঞা করে।
এটাই তাৎক্ষণিক মানসিক শাস্তি: আপনি এক ভ্রমের কারাগারে বাস করেন, এবং অন্তরের প্রশান্তি থেকে বঞ্চিত হন। নবী ﷺ এর গভীর বাণী এ সত্যকে উন্মোচন করে- নিশ্চয়ই সত্য প্রশান্তি দেয়, আর মিথ্যা সন্দেহ ও অস্থিরতা সৃষ্টি করে।
অন্তরের রোগ-
এই অবস্থায় আপনি নিজের ভেতরে অনুভব করেন—আপনি যেন এক ব্যর্থ অভিনেতা। বাহ্যিকভাবে প্রশংসা পেলেও, আপনি জানেন তা উপহাসের করতালি। আপনার অন্তরে জন্ম নেয় এক রোগ, যা আপনাকে সর্বদা অস্থির, লাঞ্ছিত ও ভগ্ন করে রাখে। এ সত্যকে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন- তাদের অন্তরে রয়েছে রোগ; অতঃপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত।
মিথ্যা কোনো সাধারণ গুনাহ নয়, এটি পাপের মূল দরজা। আর সত্যবাদিতা শুধু নৈতিক গুণ নয়, এটি আত্মার প্রশান্তি, ঈমানের শক্তি এবং নাজাতের পথ।













