আদর্শহীন পরিবার: একটি পথহারা প্রজন্মের সূতিকাগার
পরিবার হলো মানুষের ব্যক্তিত্ব গঠনের প্রথম ও সবচেয়ে গভীর শিক্ষালয়। এই শিক্ষালয়ের কেন্দ্রবিন্দু যদি আদর্শশূন্য হয়, তবে সে পরিবার থেকে উঠে আসা প্রজন্মের পথচলা হয় অনিশ্চিত ও দিশাহীন। একটি পরিবারে যদি অনুসরণযোগ্য কোনো চরিত্র না থাকে, তবে সেই পরিবার ধীরে ধীরে নৈতিক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে।
শিশুরা যখন কোনো নৈতিক গুণ; যেমন সত্যবাদিতা, আমানতদারিতা, সংযম, দায়িত্ববোধ বা আত্মত্যাগের কথা শোনে তখন তারা প্রাথমিকভাবে সেগুলোকে কেবল বক্তৃতার বিষয় বা বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো আদর্শ বলে মনে করে। এসব গুণ তাদের কাছে বাস্তব জীবনের সঙ্গে সরাসরি সংযুক্ত বলে মনে হয় না। কিন্তু যখন তারা দেখে এই গুণগুলো তাদের বাবা, মা কিংবা বড় ভাই-বোনের আচরণে জীবন্ত হয়ে উঠেছে, তখন সে গুণ আর কল্পনা থাকে না; তা হয়ে ওঠে জীবনের অংশ, অনুকরণযোগ্য বাস্তবতা।
মানুষ প্রকৃতিগতভাবেই অনুকরণপ্রবণ। মনোবিজ্ঞানীদের ভাষায়, শিশুর শেখার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি হলো observational learning অর্থাৎ দেখে শেখা। শিশু কেবল নির্দেশনা মেনে চলে না; বরং সে আচরণ অনুকরণ করে। কীভাবে কথা বলতে হয়, কীভাবে রাগ সংযত করতে হয়, কীভাবে অন্যায় থেকে বিরত থাকতে হয় এসব কিছুই সে সবচেয়ে বেশি শেখে ঘরের ভেতর দেখা আচরণ থেকে। তাই পরিবারে আদর্শ ব্যক্তিত্বের উপস্থিতি সন্তানের বুদ্ধিবৃত্তিক গঠনের পাশাপাশি তার আবেগ, মূল্যবোধ ও নৈতিক বিচারবোধ তৈরির প্রধান ভিত্তি হয়ে ওঠে।
পরিবারে আদর্শের ভূমিকা কেবল ‘এটা করো’ বা ‘ওটা করো না’ এই সীমিত উপদেশের মধ্যেই আবদ্ধ নয়। বরং আদর্শ একটি পূর্ণাঙ্গ চিন্তাগত ও নৈতিক কাঠামো নির্মাণ করে, যার ভেতরে সন্তানদের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ব্যক্তিত্বের গভীর স্তরগুলো গড়ে ওঠে। এই কাঠামোই সন্তানদের রক্ষা করে দ্বিচারিতা, মূল্যবোধগত বিভ্রান্তি ও অন্তর্দ্বন্দ্ব থেকে। কারণ তারা যা শোনে এবং যা দেখে এই দুইয়ের মধ্যে কোনো বৈপরীত্য থাকে না।
বর্তমান যুগে এই আদর্শের প্রয়োজন আরও তীব্র। আমরা এমন এক সময় অতিক্রম করছি, যেখানে ভোগবাদ, আনন্দ-উপভোগ ও তাৎক্ষণিক লাভকে জীবনের সর্বোচ্চ সাফল্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিজ্ঞাপন ও ভোগকেন্দ্রিক সংস্কৃতি মানুষের সামনে প্রতিনিয়ত এমন সব মানদণ্ড হাজির করছে, যা নৈতিকতা ও আত্মসংযমকে দুর্বল করে দেয়। এই বাস্তবতায় পরিবার যদি সন্তানকে সঠিক বাছাইয়ের দিকনির্দেশনা না দিতে পারে, তবে সে বাইরের বিভ্রান্তিকর স্রোতে ভেসে যাওয়াই স্বাভাবিক।
এখানেই বাবা-মায়ের আদর্শ হয়ে ওঠার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। বাবা বা মা যখন আদর্শ হন, তখন বুঝতে হয় তাদের শিক্ষামূলক দায়িত্ব কেবল সন্তানদের সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা সমান্তরালভাবে নিজের চরিত্র গঠনের দিকেও প্রবাহিত হয়। তারা জানেন, সন্তানদের সামনে যা বলা হচ্ছে, তা নিজের জীবনেও বাস্তবায়িত হতে হবে। এই আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি ও আত্মোন্নয়নের মধ্য দিয়েই পরিবার পায় এক জীবন্ত আলোকবর্তিকা, যার আলোয় সন্তানরা জীবনের জটিল পথ, নৈতিক সংকট ও সিদ্ধান্তের মোড়ে সঠিক দিক নির্ণয় করতে শেখে।
অতএব বলা যায়, আদর্শহীন পরিবার কেবল একটি পরিবার নয়; তা ভবিষ্যতের জন্য একটি ঝুঁকিপূর্ণ প্রজন্ম তৈরি করে। আর আদর্শসমৃদ্ধ পরিবার হোক তা ছোট পরিসরে সমাজের জন্য তৈরি করে সচেতন, ভারসাম্যপূর্ণ ও নৈতিক শক্তিসম্পন্ন মানুষ। এ কারণেই পরিবারে আদর্শ গঠনের কাজটি কোনো অতিরিক্ত বিষয় নয়; বরং তা পরিবার টিকিয়ে রাখার এবং প্রজন্ম রক্ষার সবচেয়ে মৌলিক দায়িত্ব।
আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী
– ইসলামী পরিবার পরিকল্পনা।
*কীভাবে আমরা দ্বীন ও দুনিয়াকে একত্রিত করতে পারি-*













