*আলেম-ওলামা, উস্তাযদের সম্মান রক্ষা: মতভেদের আদব ও ঈমানী দায়িত্ব-*
ইসলামে ইলম ও আলেমের মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা যাঁদেরকে দ্বীনের জ্ঞান দান করেছেন, তাঁদেরকে তিনি সাধারণ মানুষের ওপর বিশেষ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা কেবল তাঁদের ইলমের কারণে নয়; বরং দ্বীনের বোঝা বহন করার কারণে। তাই কোনো আলেমের সঙ্গে মতভেদ হলেও তাঁর সম্মান রক্ষা করা একজন মুমিনের ঈমানী দায়িত্ব।
আজ আমাদের সমাজে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে মাসআলাগত মতভেদের অজুহাতে আলেমদের প্রতি অসম্মান, কটূক্তি, এমনকি তাঁদের নিয়ত নিয়েও আক্রমণ। অথচ মতভেদ ইসলামী ইতিহাসে নতুন কিছু নয়। সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহুম) নিজেরাও বহু বিষয়ে একে অপরের সঙ্গে মতভেদ করেছেন; কিন্তু তাঁদের পারস্পরিক সম্মান, ভালোবাসা ও আদব কখনো নষ্ট হয়নি।
মতভেদ আর অসম্মান এক জিনিস নয়-
কোনো আলেমের বক্তব্য বা ইজতিহাদের সঙ্গে দ্বিমত পোষণ করা এক জিনিস, আর তাঁকে হেয় করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। মতভেদ কখনোই কাউকে তুচ্ছ করার লাইসেন্স হতে পারে না। একজন আলেমের ভুল থাকতে পারে, কারণ তিনি মানুষ; কিন্তু তাঁর ইলম, খিদমত ও অবস্থান অস্বীকার করার অধিকার কারও নেই। আরও ভয়াবহ বিষয় হলো কিছু মানুষ এমন কথা আলেমদের ওপর চাপিয়ে দেয়, যা তাঁরা নিজেরাই বলেননি বা মানেন না। এটি শুধু জুলুম নয়; বরং মিথ্যাচার ও আমানতের খেয়ানত।
সামাজিক যোগাযোগমাধ্যম: ফিতনার নতুন ময়দান-
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আলেমদের সম্মানহানির একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। অযোগ্য, অজ্ঞ এবং আবেগপ্রবণ মানুষ দলবদ্ধভাবে কোনো আলেমের চরিত্র হনন করছে; কখনো বিদ্রূপে, কখনো কটূক্তিতে, কখনো নিয়ত নিয়ে প্রশ্ন তুলে। এটি শরয়ীভাবে মারাত্মক গুনাহ এবং উম্মাহর জন্য ভয়ংকর ফিতনা। আলেমদের সম্মান ক্ষুণ্ন হলে সাধারণ মানুষের দ্বীনের প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ে। ফলে দ্বীন শেখার দরজাই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
সমালোচনারও আদব আছে-
ইসলাম সমালোচনা নিষিদ্ধ করেনি; বরং সমালোচনাকে শৃঙ্খলাবদ্ধ করেছে। সমালোচনা করতে হলে তা হতে হবে ইলমের ভিত্তিতে, ইনসাফ ও ন্যায়পরায়ণতার সঙ্গে, শালীন ভাষা ও উত্তম আদব বজায় রেখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সমালোচনা করার যোগ্যতা থাকতে হবে। যার নিজের ইলম নেই, যার ভিত্তি দুর্বল, তার জন্য আলেমদের সমালোচনা করা আত্মধ্বংসের শামিল।
তালিবুল ইলম ও দাঈদের প্রতি বিশেষ নসীহাহ-
যাঁরা ইলমের পথে আছেন বা দাওয়াহর দায়িত্ব বহন করছেন, তাঁদের জন্য এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজ আপনার মুখ থেকে উচ্চারিত একটি অসম্মানজনক বাক্য আগামী প্রজন্মকে ইলম থেকে বিমুখ করে দিতে পারে। মনে রাখতে হবে আলেমদের সম্মান রক্ষা করা মানেই দ্বীনের মর্যাদা রক্ষা করা।
সুতরাং আমাদের উচিত মতভেদে সংযত হওয়া, ভাষায় শালীনতা রাখা এবং আলেমদের ব্যাপারে আল্লাহভীতি অবলম্বন করা। আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের বোঝা বহনের জন্য বেছে নিয়েছেন, তাদের সম্মান রক্ষা করা আমাদের নিজেদেরই ঈমানের নিরাপত্তা।
আসুন, আমরা শিখি মতভেদ করব ইলমের সঙ্গে, কিন্তু সম্মান হারাব না আদবের। সমালোচনা করব ন্যায়ের সঙ্গে, কিন্তু সীমা ছাড়ব না তাকওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব, ইনসাফ ও হিকমাহর সঙ্গে দ্বীনের খিদমত করার তাওফীক দান করুন। আমীন।
-আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট।













