ইলমের মাহাত্ম্য-
জ্ঞান কেবল আপনার শায়েখের বক্তব্য জানা বা মুখস্থ করার নাম নয়। এ ধরনের জ্ঞান মূলত সীমাবদ্ধ; এটি সেইসব মানুষের জ্ঞান, যারা কেবল মতামত সংগ্রহ করে, কিন্তু তার পেছনের ভিত্তি অনুধাবন করে না।
প্রকৃত জ্ঞান হলো আপনি বুঝতে পারবেন, একজন আলেম কীভাবে দলীল গ্রহণ করেন, কীভাবে প্রমাণ দাঁড় করান, এবং কীভাবে সত্যকে স্পষ্ট ও বাতিলকে খণ্ডন করেন। অর্থাৎ, জ্ঞান মানে শুধু ‘কি বলা হয়েছে’ জানা নয়; বরং ‘কেন বলা হয়েছে’ এবং ‘কীভাবে বলা হয়েছে’ তা অনুধাবন করা।
অনেক মানুষ বড় বড় আলেমদের যেমন- ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইবনু রজব, ইমাম শাতেবী, ইবনুল ক্বয়্যিম এদের কিতাব পড়েন। কিন্তু তাদের মূল আগ্রহ থাকে এই জানতে যে, তারা কোন মতকে গ্রহণ করেছেন। অথচ এটি পূর্ণ জ্ঞান নয়; বরং এটি জ্ঞানের একটি সীমিত স্তর।
পূর্ণাঙ্গ জ্ঞান হলো আপনি তাদের চিন্তার পদ্ধতি, দলীল উপস্থাপনের কৌশল এবং সিদ্ধান্তে পৌঁছানোর ধারা আয়ত্ত করবেন। কারণ আপনি যখন এই পদ্ধতি বুঝতে পারবেন, তখন অনুরূপ অন্য সমস্যায়ও আপনি সেই একই নীতির আলোকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবেন।
উদাহরণস্বরূপ, আল্লাহ বলেন, فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ [التوبة: ١٢٢] এখানে النفير শব্দটি কুরআন ও সুন্নাহতে সাধারণত জিহাদের অর্থে ব্যবহৃত হয়। এখানে মূল শিক্ষা কেবল এই শব্দের অর্থ জানা নয়; বরং বুঝা যে, আলেমরা শব্দের অর্থ নির্ধারণে কুরআনের ভাষাগত ব্যবহারকে গুরুত্ব দেন।
আবার আল্লাহ বলেন, وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْر [العصر: ١-٢] এখানে العصر শব্দের অর্থ নিয়ে মতভেদ থাকলেও, কুরআন-সুন্নাহর ব্যবহারের আলোকে এটি দিনের নির্দিষ্ট একটি সময়, অর্থাৎ বিকেলের সময়। এই অর্থেই অধিক গ্রহণযোগ্য। এভাবেই জ্ঞান পরিপূর্ণতা পায়, যখন আপনি কেবল ফলাফল নয়, বরং সেই ফলাফলে পৌঁছানোর পদ্ধতি আয়ত্ত করেন।
সুতরাং, প্রকৃত জ্ঞান হলো মতামত মুখস্থ করা নয় বরং দলীল বোঝা, পদ্ধতি আয়ত্ত করা এবং কুরআন-সুন্নাহর ভাষা ও প্রেক্ষাপট গভীরভাবে উপলব্ধি করা। এভাবেই আপনার জ্ঞান হবে সুদৃঢ়, গভীর এবং ফলপ্রসূ।













