মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তিগুলোর একটি হলো দ্বীন ও দুনিয়াকে পরস্পর বিরোধী হিসেবে দেখা। কেউ মনে করে দুনিয়ায় উন্নতি করতে গেলে দ্বীন পিছিয়ে যাবে, আবার কেউ মনে করে দ্বীনের পথে চললে দুনিয়ার কোনো মূল্য নেই। অথচ ইসলামের দৃষ্টিতে দ্বীন ও দুনিয়া পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র, আর দ্বীন হলো সেই প্রস্তুতির দিকনির্দেশনা।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দ্বারা আখিরাতের ঘর অন্বেষণ করো, আর দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। (সূরা আল-কাসাস: ৭৭)। এই আয়াতই দ্বীন-দুনিয়ার সঠিক ভারসাম্যের মূলনীতি।
১. নিয়তের শুদ্ধতা: একত্রিকরণের প্রথম ধাপ-
দ্বীন ও দুনিয়াকে একত্রিত করার মূল চাবিকাঠি হলো নিয়ত। একই কাজ নিয়তের কারণে ইবাদতও হতে পারে, আবার গুনাহও হতে পারে। রাসূল ﷺ বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)। পড়াশোনা, চাকরি, ব্যবসা, পরিবার পরিচালনা সবকিছুই যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে তা ইবাদতে পরিণত হয়। দুনিয়াবি কাজকে দ্বীনের পথে আনতে প্রথমেই নিয়তকে সংশোধন করতে হবে।
২. হালাল উপার্জন: দুনিয়ার কাজকে ইবাদতে রূপান্তর-
ইসলাম দুনিয়ার কাজ বর্জন করতে বলেনি; বরং হালাল পন্থায় দুনিয়া অর্জনের নির্দেশ দিয়েছে। নবী ﷺ বলেছেন, হালাল উপার্জন করা ফরযের পর আরেকটি ফরয। (তাবারানী)। হালাল উপার্জনের মাধ্যমে পরিবার পরিচালনা, সমাজের উপকার সাধন এবং দ্বীনের খেদমত করা এসবই দুনিয়ার ভিতরে থেকেই দ্বীনের বাস্তব রূপ।
৩. ইলম ও আমলের সমন্বয়-
দ্বীন-দুনিয়ার ভারসাম্যহীনতার একটি বড় কারণ হলো ইলম ও আমলের বিচ্ছিন্নতা। কেউ শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞানকে উপেক্ষা করে; আবার কেউ দ্বীনি ইলম নেয়, কিন্তু বাস্তব জীবনের দায়িত্ব এড়িয়ে চলে। সালাফদের দৃষ্টিতে ইলম হলো পথপ্রদর্শক, আর আমল হলো সেই পথের চলমানতা। এজন্য একজন মুসলিমের উচিত ফরযে আইন জ্ঞান অর্জন করা, পেশাগত ও দুনিয়াবি দক্ষতা অর্জন করা এবং উভয় জ্ঞানকে আল্লাহভীতির সাথে প্রয়োগ করা।
৪. সময় ব্যবস্থাপনা: ভারসাম্যের বাস্তব চর্চা-
দ্বীন ও দুনিয়াকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সময় ব্যবস্থাপনা। নবী ﷺ বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত—স্বাস্থ্য ও অবসর সময়। (সহীহ বুখারী)। দিনের একটি অংশ ইবাদতের জন্য, একটি অংশ জীবিকার জন্য, একটি অংশ পরিবার ও বিশ্রামের জন্য নির্ধারণ করা এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ জীবনধারা।
৫. দুনিয়াকে লক্ষ্য নয়, মাধ্যম হিসেবে গ্রহণ করা-
দুনিয়া যদি লক্ষ্য হয়ে যায়, তবে দ্বীন দুর্বল হয়। আর দুনিয়া যদি আখিরাতের মাধ্যম হয়, তবে দুনিয়াই দ্বীনের সহায়ক হয়ে ওঠে। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, দুনিয়া চলে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে; উভয়ের সন্তান হও, তবে দুনিয়ার সন্তান হয়ো না। অর্থ, ক্ষমতা, শিক্ষা সবই আখিরাতের জন্য ব্যবহৃত হলে তা নেক আমলে পরিণত হয়।
৬. পরিবার ও সমাজে দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা-
দ্বীন-দুনিয়ার সমন্বয় শুধু ব্যক্তিগত নয়; এটি পারিবারিক ও সামাজিক পর্যায়েও বাস্তবায়ন করতে হয়। পরিবারে সালাত ও কুরআনের চর্চা, সন্তানের চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার সংযোজন ও সমাজে ন্যায়, আমানতদারি ও দায়িত্ববোধের চর্চা এসবের মাধ্যমেই দুনিয়ার কাঠামোর ভিতর দ্বীনের প্রাণ সঞ্চার হয়।
দ্বীন ও দুনিয়াকে একত্রিত করা মানে দুনিয়াকে পরিত্যাগ করা নয়, আবার দ্বীনের সাথে আপোষ করাও নয়। বরং ইসলামের লক্ষ্য হলো দুনিয়ায় দায়িত্বশীল জীবনযাপন করে আখিরাতের সফলতা অর্জন। যে ব্যক্তি দুনিয়ায় থেকেও আল্লাহকে ভুলে না, তার দুনিয়াই আখিরাতের পাথেয় হয়ে ওঠে। আর এটাই ইসলামের চাওয়া একজন ভারসাম্যপূর্ণ, সচেতন ও উদ্দেশ্যমুখী মানুষ। আমরা দুআ করি-
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
-আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।













