ধৈর্য ও দয়া: মানুষের চরিত্রের চারটি রূপ
ইমাম ইবনু তাইমিয়্যাহ رحمه الله মানুষের নৈতিক গঠনের একটি অত্যন্ত সূক্ষ্ম ও বাস্তব বিশ্লেষণ পেশ করেছেন। তিনি মানুষের আচরণ ও প্রতিক্রিয়াকে মূলতঃ দুটি গুণের আলোকে ভাগ করেছেন। যথা: الصبر (ধৈর্য) এবং الرحمة (দয়া/করুণা)। এই দুই গুণের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে তিনি মানুষকে চার শ্রেণিতে ভাগ করেছেন। যার মধ্যে কেবল এক শ্রেণিকেই তিনি প্রশংসনীয় ও আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি এব্যাপারে বলেছেন, والمحمود هو الذي يصبر ويرحم -প্রশংসিত সেই ব্যক্তি, যে ধৈর্য ধারণ করে এবং দয়া প্রদর্শন করে।
১. যারা ধৈর্য ধরে, কিন্তু দয়া করে না (يصبر ولا يرحم)
ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, এরা সাধারণত ক্ষমতাবান, কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ।
বৈশিষ্ট্য: এরা অন্যায় সহ্য করতে পারে, কষ্টে ভেঙে পড়ে না, কিন্তু দুর্বলদের প্রতি সহানুভূতিশীল নয়। শাস্তি দিতে প্রস্তুত, ক্ষমা করতে অনিচ্ছুক এবং দাওয়াহ ও তারবিয়াতে ভয় সৃষ্টি করে, ভালোবাসা নয়
ক্ষতি: এদের দ্বারা সমাজে আতঙ্ক ও দূরত্ব তৈরি হয়, মানুষ দ্বীনকে কঠিন ও নির্মম হিসেবে দেখতে শুরু করে এবং সংশোধনের বদলে বিদ্রোহ জন্ম নেয়।
২. যারা দয়া করে, কিন্তু ধৈর্য ধরে না (يرحم ولا يصبر)
এদের সম্পর্কে তিনি বলেন, এরা সাধারণত নরম, আবেগপ্রবণ ও দুর্বলচিত্ত মানুষ; অনেক ক্ষেত্রে নারীদের মাঝে বা নারীত্বসুলভ আচরণে এ প্রবণতা বেশি দেখা যায়।
বৈশিষ্ট্য: এরা করুণা ও মমতা প্রবল, অন্যায় দেখেও কষ্ট পায়, কিন্তু দৃঢ় থাকতে পারে না। শাসন বা সীমা নির্ধারণে ব্যর্থ হয় এবং আবেগের কাছে নীতিকে বিসর্জন দেয়
ক্ষতি: এদের মাধ্যমে শৃঙ্খলা নষ্ট হয়, অন্যায় প্রশ্রয় পায় এবং সন্তান, ছাত্র বা সমাজ ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে।
৩. যারা না ধৈর্য ধরে, না দয়া করে (لا يصبر ولا يرحم)
এরা হলো সবচেয়ে বিপজ্জনক শ্রেণি।
বৈশিষ্ট্য: এরা আবেগপ্রবণ, আতঙ্কিত ও হঠকারী। নিজেও অস্থির, অন্যকেও অস্থির করে। কষ্টে ভেঙে পড়ে, আবার মানুষকেও কষ্ট দেয় এবং সিদ্ধান্তহীন, আচরণে চরমপন্থী।
পরিণাম: এরা পরিবার, সমাজ ও দাওয়াহ সব ক্ষেত্রেই ধ্বংস ডেকে আনে। এরা ফিতনা ও বিশৃঙ্খলার উৎসে পরিণত হয়।
৪. প্রশংসিত ও আদর্শ শ্রেণি: যারা ধৈর্যও ধরে, দয়াও করে (يصبر ويرحم)
ইবনু তাইমিয়্যাহ رحمه الله এর মতে, এই শ্রেণিই সর্বোত্তম।
বৈশিষ্ট্য: এরা কষ্টে ধৈর্যশীল। ভুলে দয়া ও সংশোধনের মনোভাব। শাসনে দৃঢ়, কিন্তু নির্মম নয়। এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণ, আচরণে সহানুভূতিশীল।
নববী আদর্শ: রাসূলুল্লাহ ﷺ এর চরিত্র ছিল এই দুই গুণের পরিপূর্ণ সমন্বয়। মক্কায় নির্যাতনে অতুলনীয় ধৈর্য। তায়েফের ঘটনায় অসীম দয়া। হুদায়বিয়ায় কৌশলী সবর। বিজয়ের দিনে সাধারণ ক্ষমা।
আমাদের জন্য শিক্ষা: দাঈ ও শিক্ষকদের জন্য কোনো কাজে কেবল কঠোরতা নয়, আবার কেবল আবেগও নয় বরং ধৈর্যের সঙ্গে দয়া এই ভারসাম্যই কার্যকর দাওয়াহ
অভিভাবকদের জন্য: আপনারা সন্তানকে ভালোবাসুন, কিন্তু সীমা নির্ধারণ করুন। শাসন করুন, কিন্তু অপমান নয়।
সমাজ ও নেতৃত্বের জন্য: আপনারা ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ়তা প্রতিষ্ঠা করুন। দুর্বল অসহায়দের প্রতি করুণা রাখুন।
ইমাম ইবনু তাইমিয়্যাহ رحمه الله আমাদের স্মরণ করিয়ে দেন চরিত্রের পরিপূর্ণতা আসে ভারসাম্যে। ধৈর্য ছাড়া দয়া দুর্বলতা, আর দয়া ছাড়া ধৈর্য নির্মমতা। ইসলামের কাঙ্ক্ষিত মানুষ সেই, যে দৃঢ়ও আবার কোমলও। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।













