এই বাহ্যিক প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত হয় ভেতরের দেয়াল আত্মবিশ্বাসের অভাব। দীর্ঘদিন ধরে অবহেলা ও নিরুৎসাহের শিকার হতে হতে অনেক নারী নিজেই বিশ্বাস করতে শুরু করে যে, সে পারবে না। বয়স হয়ে গেছে, সময় নেই, যোগ্যতা নেই এমন ভাবনা তাকে শেখার দরজা থেকেই ফিরিয়ে দেয়। অথচ দ্বীন শিক্ষা কোনো বয়সের অপেক্ষায় থাকে না; বরং ইখলাসের অপেক্ষায় থাকে।
আরো একটি সূক্ষ্ম কিন্তু ভয়াবহ প্রতিবন্ধকতা হলো দিকনির্দেশনার অভাব। কী শিখবে, কোনটি আগে শিখবে, কার কাছ থেকে শিখবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না পেয়ে অনেক নারী বিভ্রান্ত হয়। কখনো আবেগনির্ভর শিক্ষা, কখনো খণ্ডিত তথ্য, আবার কখনো অনির্ভরযোগ্য মাধ্যম সব মিলিয়ে দ্বীন শিক্ষা তার জীবনে স্পষ্ট পথ হয়ে উঠতে পারে না।
সবশেষে রয়েছে আধুনিক ভোগবাদী সংস্কৃতি ও গণমাধ্যমের প্রভাব। আজ নারীদের সামনে যে সফলতার ছবি তুলে ধরা হয়, সেখানে দ্বীন, ইলম ও আত্মিক উন্নয়নের জায়গা খুবই ক্ষীণ। বাহ্যিক সৌন্দর্য, বিনোদন ও আত্মপ্রদর্শনের চাপে দ্বীন শিক্ষা অনেক সময় গুরুত্ব হারায়। মনোযোগ ছড়িয়ে পড়ে, হৃদয়ের জায়গা দখল করে নেয় ক্ষণস্থায়ী ব্যস্ততা।
এই সব প্রতিবন্ধকতা মিলেই নারীদের দ্বীন শিক্ষার পথে এক ধরনের নীরব দেয়াল গড়ে তোলে, যা ভাঙার জন্য প্রয়োজন সচেতন পরিবার, সহানুভূতিশীল সমাজ এবং সুপরিকল্পিত শিক্ষা উদ্যোগ। নারীর দ্বীন শিক্ষা কোনো অতিরিক্ত কর্মসূচি নয়; এটি উম্মাহর ভবিষ্যৎ বিনির্মাণের মৌলিক ভিত্তি। কারণ যে নারী জানে, সে শুধু নিজেকেই নয় একটি প্রজন্মকে আলোকিত করে।
*উচ্চ লক্ষ্য ও নারীর আত্মমর্যাদা*
ইমাম ইবনুল ক্বয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন, وَمَنْ طَمَحَتْ هِمَّتُهُ إِلَى الأُمُورِ العَلِيَّةِ؛ فَوَاجِبٌ عَلَيْهِ أَنْ يَسُدَّ عَلَى هِمَّتِهِ الطُّرُقَ الدَّنِيَّةَ -যার লক্ষ্য উচ্চতম বিষয়ের দিকে প্রসারিত, তার জন্য আবশ্যক সে যেন নিজের হিম্মতের পথে সকল নীচু ও তুচ্ছ পথ বন্ধ করে দেয়। (ইবনুল ক্বয়্যিম, মিফতাহ দারিস সা‘আদাহ)।
এই বাণী কেবল পুরুষদের জন্য নয়; বরং নারীদের জন্যও এক গভীর আত্মনির্দেশনা। কারণ ইসলামে নারী কেবল গৃহস্থালির সীমাবদ্ধ চরিত্র নন; বরং তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্রবিন্দু।
১. নারীর হিম্মত: দুনিয়ার সীমা ছাড়িয়ে আখিরাতের দিকে
একজন মুসলিম নারীর উচ্চ লক্ষ্য মানে কেবল বাহ্যিক সাফল্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঈমান ও ইলমে উন্নতি, চরিত্রে দৃঢ়তা এবং পরিবার ও সমাজে হিদায়াতের উৎস হওয়া এসবের সাথে জড়িয়ে আছে। যার হিম্মত এই উচ্চতায় পৌঁছায়, তার জন্য দুনিয়ার তুচ্ছ ব্যস্ততা, অর্থহীন বিনোদন ও আত্মমর্যাদাহীন সংস্কৃতিতে ডুবে থাকা আত্মঘাতী।
২. নীচু পথ বলতে কী বোঝানো হয়েছে?
ইবনুল ক্বয়্যিম রহিমাহুল্লাহ যখন الطُّرُقَ الدَّنِيَّة বলেন, তখন তা বহু রূপে নারীর জীবনে প্রবেশ করে। যেমন সময়নাশকারী সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, পরচর্চা, হিংসা ও তুলনার সংস্কৃতি, সৌন্দর্য ও প্রদর্শনকে আত্মমূল্য নির্ধারণের মানদণ্ড বানানো, দ্বীনী ইলমের পরিবর্তে কেবল ট্রেন্ড ও ফ্যাশনে ডুবে থাকা এবং আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসাকে লক্ষ্য বানানো। এসব পথ নারীর হিম্মতকে নিচে নামিয়ে আনে, আত্মাকে দুর্বল করে এবং লক্ষ্যহীন করে তোলে।
৩. উচ্চ হিম্মতের নারী কেমন হন?
যিনি উচ্চ লক্ষ্য স্থির করেন, তিনি নিজের সময়কে আমানত মনে করেন, ইলমকে অলংকার মনে করেন, সাজসজ্জাকে নয়, নীরবে নিজেকে গড়েন, শোরগোল করে নয়, পরিবারকে জান্নাতের পথে নেওয়ার দায়িত্ব অনুভব করেন এবং নিজের চরিত্রকে দাওয়াহর সবচেয়ে শক্তিশালী মাধ্যম বানান। তিনি জানেন একজন সচেতন মা, বোন বা শিক্ষিকা একটি প্রজন্মকে দাঁড় করাতে পারেন।
৪. উচ্চ লক্ষ্য রক্ষা করতে হলে কী করতে হবে?
ইবনুল ক্বয়্যিম রাহিমাহুল্লাহ বলেন سدّ الطرق তথা পথ বন্ধ করা আবশ্যক। নারীর জন্য এর বাস্তব রূপ হলো নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, হৃদয়কে হারাম আকর্ষণ থেকে পাহারা দেওয়া, অপ্রয়োজনীয় সম্পর্ক ও ব্যস্ততা থেকে দূরে থাকা, নিয়মিত কুরআন, যিকর ও দ্বীনী পাঠের সঙ্গে যুক্ত থাকা, নিজেকে এমন পরিবেশে রাখা, যা হিম্মত বাড়ায় নষ্ট করে না। উচ্চ লক্ষ্য কেবল কামনা নয়; এটি সংগ্রাম ও আত্মসংযমের ফল।
৫. ইতিহাসের নারীরা কেন আলাদা ছিলেন?
খাদীজা (রা.), আয়েশা (রা.), ফাতিমা (রা.), উম্মে সালামা (রা.) তাঁরা সবাই উচ্চ হিম্মতের নারী ছিলেন। তাঁরা নীচু পথে সময় নষ্ট করেননি। তাঁদের জীবন ছিল ঈমানদার, দায়িত্বশীল ও উদ্দেশ্যপূর্ণ। আর তাই ইতিহাস তাঁদের স্মরণ করে।
কাজেই হে বোন, যদি আপনার লক্ষ্য জান্নাত হয়, যদি আপনি আল্লাহর কাছে মর্যাদাবান হতে চান, তবে মনে রাখুন উচ্চ হিম্মত ও নীচু পথ একসঙ্গে চলতে পারে না। নিজের হৃদয়, সময় ও জীবনের দরজায় পাহারা বসান। কারণ আপনি শুধু একজন নারী নন বরং আপনি একটি উম্মাহ গঠনের সূচনা। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।













