নারী সমাজে আল্লাহর পথে দাওয়াহ
(الدعوة إلى الله في المجتمع النسائي)
নারী সমাজে দাওয়াহ কেবল একটি সাধারণ কার্যক্রম নয়; বরং এটি একটি গভীর দায়িত্ব ও সুদূরপ্রসারী আমানত। কারণ নারী শুধু ব্যক্তি হিসেবে নয়, পরিবার ও প্রজন্ম গঠনের কেন্দ্র হিসেবে সমাজে উপস্থিত। একজন নারীর চিন্তা, বিশ্বাস ও চরিত্র বদলে গেলে তার প্রভাব ছড়িয়ে পড়ে সন্তান, পরিবার এবং পরোক্ষভাবে পুরো সমাজে।
১. নারী সমাজের বাস্তবতা বোঝা: দাওয়াহর প্রথম শর্ত-
নারী সমাজ একরকম নয়। এখানে আছেন গৃহিণী, শিক্ষার্থী, কর্মজীবী নারী, তরুণী, মা ও বয়স্কা। প্রত্যেকের মানসিকতা, সময়, উদ্বেগ ও চ্যালেঞ্জ আলাদা। তাই নারী সমাজে দাওয়াহ করতে হলে আগে শোনা ও বোঝা শিখতে হয়। বাস্তবতা না বুঝে দেওয়া নসিহত অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়, পথনির্দেশ হয় না।
২. দাওয়াহর ভাষা: কোমলতা ও নিরাপত্তা-
নারী সমাজে দাওয়াহর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো কোমল ভাষা ও আন্তরিক আচরণ। কঠোর উপদেশ, তাচ্ছিল্য বা উপর থেকে বলা কথা হৃদয় বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘তোমরা হিকমাহ ও সুন্দর উপদেশের মাধ্যমে তোমাদের রবের পথে ডাকো’। নারী সমাজে দাওয়াহ মানে ভয় দেখানো নয়; বরং নিরাপত্তার অনুভূতি তৈরি করা; যেখানে একজন নারী প্রশ্ন করতে পারে, নিজের দুর্বলতা স্বীকার করতে পারে, এবং ধীরে ধীরে সংশোধনের পথে এগোতে পারে।
৩. ইখলাস ও আমলনির্ভর দাওয়াহ-
নারীদের দাওয়াহে সবচেয়ে প্রভাবশালী হলো আমলনির্ভর দাওয়াহ। কথার চেয়ে আচরণ বেশি প্রভাব ফেলে। একজন দাঈয়া (নারী দাওয়াহকর্মী) যদি নিজের জীবনে পর্দা, সালাত, আখলাক ও শালীনতার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন, তবে তা অনেক নসীহতের চেয়েও বেশি কার্যকর হয়। নারী সমাজে দাওয়াহ মূলত ‘দেখে শেখা’র মাধ্যমে বিস্তার লাভ করে।
৪. পারিবারিক ভূমিকা ও দাওয়াহ-
নারী সমাজে দাওয়াহ মানেই কেবল মাজলিস বা ক্লাস নয়। একজন নারী তার ঘর থেকেই দাওয়াহ শুরু করতে পারেন তার স্বামীর সঙ্গে উত্তম আচরণে, সন্তানের লালন-পালনে, আত্মীয়তার সম্পর্ক রক্ষায়। একজন সচেতন মা তার সন্তানের সামনে ইসলামের একটি জীবন্ত নমুনা হয়ে ওঠেন। এভাবে নীরব দাওয়াহ পরিবারকে আলোকিত করে।
৫. সীমা ও শালীনতা রক্ষা-
নারী সমাজে দাওয়াহ করতে গিয়ে শালীনতা, পর্দা ও শারঈ সীমার প্রতি সচেতনতা অপরিহার্য। উদ্দেশ্য কখনোই শরঈ সীমা শিথিল করা নয়। বরং দাওয়াহ এমন হওয়া উচিত, যা নারীদেরকে তাদের মর্যাদা ও নিরাপত্তার ভেতর থেকেই দ্বীনের পথে অগ্রসর হতে সাহায্য করে।
৬. ধৈর্য ও ধারাবাহিকতা-
নারী সমাজে পরিবর্তন রাতারাতি আসে না। অনেক নারী আবেগ, পারিবারিক চাপ, সামাজিক বাস্তবতা ও ভেতরের দ্বন্দ্ব নিয়ে পথ খোঁজেন। তাই দাওয়াহতে ধৈর্য অপরিহার্য। তাড়াহুড়ো করে ফলাফল চাইলে হৃদয় হারিয়ে যায়। ধীরে, ধারাবাহিকভাবে এগোলে বিশ্বাস তৈরি হয়।
৭. দলগত প্রচেষ্টা ও নিরাপদ পরিসর-
নারী সমাজে দাওয়াহ সবচেয়ে ফলপ্রসূ হয় যখন তা নিরাপদ ও বিশ্বস্ত পরিসরে পরিচালিত হয়। যেমন: ছোট তালীমী মজলিস, পাঠচক্র, অনলাইন সীমিত গ্রুপ, বা মহিলা শিক্ষাকেন্দ্র। একক প্রচেষ্টার চেয়ে সম্মিলিত উদ্যোগ বেশি স্থায়ী প্রভাব ফেলে।
নারী সমাজে আল্লাহর পথে দাওয়াহ মানে শুধু বক্তৃতা দেওয়া নয় বরং মানুষ গড়া। এ দাওয়াহ কেবল মৌখিক চিৎকারে নয়, চরিত্রে সফল হয়। তাড়নায় নয়, সহমর্মিতায় ফল দেয়। যে নারী আল্লাহর পথে নিজে চলতে শেখে, সে অনিচ্ছায় হলেও
আরও অনেককে পথ দেখিয়ে দেয়। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হৌন। আমীন!
– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।













