আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পিছনে ছিলাম। তিনি বললেন, হে তরুণ! আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি-
-তুমি আল্লাহ্ তা’আলার (বিধি-নিষেধের) রক্ষা করবে, আল্লাহ তা’আলা তোমাকে রক্ষা করবেন।
-তুমি আল্লাহ্ তা’আলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ্ তা’আলাকে তুমি কাছে পাবে।
-তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তা’আলার নিকট চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ্ তা’আলার নিকটেই কর।
আর জেনে রাখো, যদি সকল উম্মাহও তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তা’আলা তোমার জন্যে লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল ক্ষতিই করতে সক্ষম হবে, যতটুকু আল্লাহ্ তা’আলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।
তিরমিযী, হা/২৫১৮।
সালাফে সালেহীনের ইলমী মজলিস ও আলেমদের প্রতি গভীর আগ্রহ
আমাদের আলোচ্য বিষয়, ইনশাআল্লাহ, হলো সালাফে সালেহীন (রহিমাহুমুল্লাহ)-এর জ্ঞানসভা ও আলেমদের মাহফিলে উপস্থিত হওয়ার প্রতি গভীর আগ্রহ ও নিয়মিত অংশগ্রহণের বিষয়টি। আল্লাহ তা’আলার পক্ষ থেকে এই উম্মতের জন্য এটি এক বিশেষ রহমত যে, তিনি আমাদের পূর্বসূরি নেককার সালাফদের অন্তরে জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা ও জ্ঞানচর্চার সভাগুলোর প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে দেন, যাতে তাঁরা তাঁদের দ্বীনকে সংরক্ষণ করতে পারেন এবং তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে উঠতে পারেন। ফলে এরই বরকতে তাঁরা দ্বীনের ইমামতির মর্যাদা লাভ করেন।
সালাফে সালেহীন (রহিমাহুমুল্লাহ) জ্ঞানের মাহফিলে এমনভাবে ভিড় করতেন যে, তাদের মাঝে জ্ঞানচর্চার জন্য প্রতিযোগিতার এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হতো। যেমন, ইমাম আলি ইবনুল মাদিনীর এক ছাত্র জাফর ইবনু দারিস্তুওয়াইহ বলেন: আমরা পরের দিনের জন্য আলি ইবনুল মাদিনীর পাঠসভায় জায়গা দখল করতে আসর সময় থেকেই বসে থাকতাম।
অর্থাৎ, যদি কেউ শুক্রবারের পাঠে অংশ নিতে চায়, তবে তাকে বৃহস্পতিবার আসরের পর থেকেই মসজিদে অবস্থান করতে হতো এবং সে তার স্থান রক্ষা করে সেখানেই রাত কাটাত, যাতে পরের দিন পাঠে জায়গা না হারিয়ে ফেলে। কারণ, দেরি করলে আর কোনো স্থান পাওয়া যেত না। এর মাধ্যমেই বুঝা যায়—তারা কতটা আগ্রহী ও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন জ্ঞানের মাহফিলে অংশগ্রহণের ব্যাপারে।
তিনি আরও বলেন- আমরা আসরের সময় ইমাম আলি ইবনুল মাদিনীর পাঠসভায় প্রবেশ করতাম পরের দিনের পাঠের জন্য। রাতভর সেখানে বসে থাকতাম এই ভয়ে যে, কাল জায়গা পাব না, আর পাঠ শুনতে পারব না।
তিনি বলেন- আমি একবার এক বুড়ো মানুষকে দেখেছি, যিনি পাঠসভায় বসা অবস্থায় নিজের চাদরের ভাঁজে মূত্র ত্যাগ করছিলেন, কেবল এই আশঙ্কায় যে, যদি তিনি দাঁড়ান, তবে তাঁর জায়গাটি কেউ নিয়ে নেবে।
ইমাম ইয়াহইয়া ইবনু হাসান বলেন- আমরা একবার ইমাম সুফিয়ান ইবনু উয়াইনার পাঠসভায় ছিলাম। তখন কিছু তরুণ এক দুর্বল বৃদ্ধের ওপর এত ভিড় জমাল যে, তাঁকে ঠেলে তাঁর বসার স্থান দখল করে নেয়। এতে তাঁর হাত ভেঙে যায়, আর তিনি চিৎকার করতে থাকেন।
যখন ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা বক্তৃতা করছিলেন, সেসময় ভীষণ ভিড় ছিল। তখন সেই বৃদ্ধ বলছিলেন- হে সুফিয়ান! আমি তোমাকে ক্ষমা করব না, কারণ তুমি আমাকে ন্যায়বিচার দাওনি, বরং তোমার পাঠের প্রতি লোকদের আগ্রহের কারণে আজ আমি এ অন্যায়ের শিকার।
তিনি এভাবে চিৎকার করছিলেন যেন ইমাম সুফিয়ান তার দিকে মনোযোগ দেন ও তাঁর অবস্থা জানতে পারেন। একসময় ইমাম সুফিয়ান একজনকে জিজ্ঞেস করলেন- বৃদ্ধটি কী বলছেন? সে উত্তর দিল- তিনি বলছেন: আমাদের আরও পড়াও!
সম্ভবত এখানে বর্ণনাকারী একটু কৌশলে উত্তর দিয়েছেন, কারণ একজন হাদীস অন্বেষণকারী মিথ্যা বলেন না। তার উত্তরের মাধ্যমে ইমাম সুফিয়ান বুঝলেন যে, বৃদ্ধ আরও শ্রবণ করতে চাচ্ছেন, যদিও প্রকৃতপক্ষে তিনি তাঁর প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইছিলেন।
এটি এমন এক চতুর উপায়ে বলা হয়েছে, যাতে সরাসরি মিথ্যাও না হয় আবার বাস্তব পরিস্থিতিও আংশিকভাবে প্রকাশ পায়।
আরও একটি বিস্ময়কর ঘটনা হলো- ইমাম হুশাইম (রহিমাহুল্লাহ)-এর মৃত্যুর কারণও ছিল ছাত্রদের অসীম আগ্রহ। আল্লামা খতিবী বলেন- হাদীসের ছাত্ররা ইমাম হুশাইমের ওপর এত ভিড় করেছিল যে, তাঁকে তাঁর গাধা থেকে ফেলে দেয়। এ ঘটনা থেকেই তাঁর মৃত্যু ঘটে।
আরেক মনীষী, আবু বাকর ইবনু খাইয়াত (রহিমাহুল্লাহ)—যিনি একজন প্রসিদ্ধ ভাষাবিদ ছিলেন—তিনি তাঁর সময়ের প্রতিটি মুহূর্তে পড়াশোনা করতেন, এমনকি পথ চলার সময়ও। কখনও কখনও তিনি হাঁটার পথে কোনো খাদে পড়ে যেতেন বা কোনো জন্তু তাঁকে ধাক্কা দিত, কারণ তিনি পথ চলতে চলতেই বই মুখস্থ করতেন!
সালাফে সালেহীনের জ্ঞানচর্চা ও ইলমের মাহফিলে অংশগ্রহণের এই অসাধারণ আগ্রহ ও আত্মত্যাগ আমাদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। আমাদের উচিত তাদের আদর্শকে সামনে রেখে জ্ঞান অর্জনে নিষ্ঠাবান হওয়া এবং আমাদের জীবনের অমূল্য সময়কে ইলমের পথে ব্যয় করা।
আমরা অনেক দূরে… সত্যিই অনেক দূরে













