নারীদের দ্বীন শিক্ষার পথে নীরব দেয়ালসমূহ-
নারী ইসলামের প্রান্তে দাঁড়িয়ে থাকা কোনো সত্তা নয়; বরং সে পরিবার, প্রজন্ম ও সমাজের কেন্দ্রে অবস্থান করে। তার চিন্তা, বিশ্বাস ও আচরণ থেকেই একটি ঘরের দ্বীনী রূপরেখা তৈরি হয়। অথচ বাস্তবতার কঠিন সত্য হলো এই কেন্দ্রীয় অবস্থানে থাকা সত্ত্বেও নারীর দ্বীন শিক্ষার পথ আজও নানামুখী প্রতিবন্ধকতায় ঘেরা। এসব প্রতিবন্ধকতা দৃশ্যমান নয় সবসময়; অনেক সময় এগুলো নীরব, অদৃশ্য, কিন্তু গভীরভাবে কার্যকর।
প্রথম ও সবচেয়ে গভীর প্রতিবন্ধকতা জন্ম নেয় পরিবারের ভেতরেই। বহু পরিবার এখনো দ্বীন শিক্ষাকে নারীর জন্য অপরিহার্য মনে করে না। মেয়েদের ক্ষেত্রে দ্বীন জানা যেন কেবল সালাত-সিয়ামের মধ্যেই সীমাবদ্ধ, এই ধারণা সমাজে প্রচলিত। ফলে ছোটবেলা থেকেই তাদের মনে গেঁথে দেওয়া হয় যে, দ্বীন শেখা অতিরিক্ত কিছু নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত চেষ্টা। এই অবহেলা ধীরে ধীরে নারীকে নিজের ইলমী সম্ভাবনা সম্পর্কে সন্দিহান করে তোলে।
পরিবারের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত হয় সামাজিক সংস্কার ও কুসংস্কারের চাপ। অনেক সমাজে জ্ঞানী নারী মানেই যেন প্রশ্নবিদ্ধ নারী। সে যদি জানে, তবে কেন জানে এই প্রশ্নটাই তার সামনে দাঁড় করানো হয়। দ্বীন শেখাকে অনেক সময় কঠোরতা, বাড়াবাড়ি কিংবা অপ্রয়োজনীয় উৎসাহ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে নারী চুপ থাকতে শেখে, জানলেও প্রকাশ করতে ভয় পায়, আর শেখার আগ্রহ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে।
এরপর আসে বাস্তব ও প্রাতিষ্ঠানিক সংকট। বহু এলাকায় নারীদের জন্য আলাদা ও নিরাপদ দ্বীন শিক্ষা পরিবেশ নেই। যোগ্য নারী উস্তাযা, নিয়মিত দারস, সুসংগঠিত পাঠ্যক্রম এসবের অভাব নারীদের ইলমী যাত্রাকে খণ্ডিত করে দেয়। অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে শেখার সুযোগ পায় না। ফলে দ্বীন শিক্ষা তাদের জীবনে গভীর শিকড় গাঁথতে পারে না।
নারীর জীবনের আরেকটি বড় বাস্তবতা হলো দায়িত্ব। সংসার, সন্তান, আত্মীয়তা ও পারিবারিক ব্যস্ততা সব মিলিয়ে তার সময় প্রায় পুরোপুরি গ্রাস করে নেয়। দ্বীন শিক্ষা তখন তার কাছে বিলাসিতা মনে হয়, প্রয়োজন নয়। সমাজও এই চাপকে স্বাভাবিক করে তোলে যেন নারী শুধু দায়িত্ব পালন করতেই জন্মেছে, নিজেকে গড়ার জন্য নয়। অথচ ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সবচেয়ে ব্যস্ত জীবনের মাঝেই বহু নারী ইলমের আলো জ্বালিয়ে রেখেছিলেন।













