*যে নারীরা গড়ে তুলেছেন প্রজন্ম (نساءٌ صَنَعْنَ أَجْيَالًا)*
ইতিহাসের পৃষ্ঠায় যখন জাতির উত্থান-পতনের আলোচনা আসে, তখন অধিকাংশ সময় আলোচনার কেন্দ্রবিন্দু হন শাসক, সেনাপতি বা আলেমগণ। কিন্তু নীরবে, পর্দার আড়ালে, ঘরের ভেতর ও শিক্ষার পরিসরে যে শক্তিটি প্রজন্মের মানস গড়ে তোলে, তা হলো নারী। ইসলামী সভ্যতার ইতিহাস সাক্ষ্য দেয় অনেক নারী ছিলেন এমন, যাঁরা সরাসরি রাজনীতি বা যুদ্ধক্ষেত্রে না থেকেও মানুষ তৈরি করেছেন, আর সেই মানুষরাই ইতিহাস নির্মাণ করেছে।
১. প্রজন্ম নির্মাণে নারীর ভূমিকা: একটি মৌলিক সত্য-
নারী শুধু সন্তান জন্ম দেন না; তিনি চরিত্র, আকীদা, মূল্যবোধ ও মানসিক কাঠামো নির্মাণ করেন। ইমাম গাযালী رحمه الله বলেন, শিশুর হৃদয় একটি পরিষ্কার পাথরের মতো; এতে যা খোদাই করা হয়, সেটাই স্থায়ী হয়ে যায়। এই খোদাইয়ের প্রধান কারিগর হলেন মা।
২. কুরআন ও সুন্নাহতে প্রজন্ম গঠনে নারীর দৃষ্টান্ত-
(ক) মারইয়াম (عليها السلام): তিনি একাকী আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর তাকওয়া, লজ্জাশীলতা ও দৃঢ়তা থেকে জন্ম নিল এক নবী, ঈসা (عليه السلام)। একজন নারী, একটি নবী, একটি উম্মাহর ইতিহাস।
(খ) উম্মু মূসা (عليها السلام): ভয়ংকর পরিস্থিতিতে সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া, এ ছিল কেবল মাতৃত্ব নয়, বরং আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলই গড়ে তোলে মূসা (عليه السلام)-এর দৃঢ় নেতৃত্ব।
৩. সাহাবিয়াত: ইতিহাসের নীরব নির্মাতারা-
(ক) খাদীজা (رضي الله عنها): নবুওয়তের সূচনালগ্নে রাসূল ﷺ যখন কাঁপছিলেন, তখন যিনি বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। এই এক বাক্যই নবী ﷺ-এর হৃদয়কে দৃঢ় করে দেয়।
একজন নারী, একটি দাওয়াতের প্রথম আশ্রয়।
(খ) আসমা بنت أبي بكر (رضي الله عنها): হিজরতের সময় নিজের জীবন ঝুঁকিতে ফেলে রাসূল ﷺ ও আবু বকর (رضي الله عنه)-কে খাদ্য পৌঁছে দিয়েছেন। তিনি ছিলেন সাহস, কুরবানী ও দূরদর্শিতার জীবন্ত পাঠ।
(গ) উম্মু সুলাইম (رضي الله عنها): তিনি তাঁর সন্তান আনাস (رضي الله عنه)-কে ছোটবেলা থেকেই রাসূল ﷺ-এর সেবায় নিয়োজিত করেন। ফলাফল আনাস ইবন মালিক, হাজারো হাদীসের বাহক।
৪. আলেম ও মুজাহিদ গঠনে নারীদের ভূমিকা-
ইমাম মালিক رحمه الله তাঁর মা তাকে বলতেন, আজ থেকে তুমি রবী‘আ-এর দরবারে যাবে, তার আদব শিখবে, তারপর ইলম। একজন মায়ের দৃষ্টিভঙ্গি একজন ইমামের মানহাজ।
ইমাম শাফেয়ী رحمه الله দরিদ্র অবস্থায় তাঁর মা তাঁকে মক্কায় নিয়ে আসেন শুধু ইলমের জন্য। এই ত্যাগ ছাড়া কি শাফেয়ী মাযহাব গড়ে উঠত?
৫. নারী যখন শিক্ষা, আদব ও আকীদার ধারক-
ইসলামে নারীর ভূমিকা কখনো সীমাবদ্ধ ছিল না কেবল ঘরকেন্দ্রিকতায়; বরং ঘর থেকেই তিনি উম্মাহর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করেছেন। একজন মা যদি হন সহীহ আকীদার অধিকারী, ইলমের মর্যাদা সম্পর্কে সচেতন, চরিত্র ও হায়ার প্রতীক, তাহলে তার সন্তান হয় দ্বীনের খাদেম, সমাজের সংস্কারক ও উম্মাহর আশ্রয়স্থল।
৬. আজকের প্রেক্ষাপটে এই বাস্তবতা-
আজ উম্মাহর সংকট শুধু রাজনীতি বা অর্থনীতির নয়
সংকট হলো মানুষ সংকট। আর মানুষ গড়ার কারখানা এখনো নারীর হাতেই। আজ প্রয়োজন ইলমবান্ধব মা, দৃষ্টিসম্পন্ন বোন এবং আখিরাতমুখী নারী নেতৃত্ব। যিনি জানবেন সন্তানকে দুনিয়ায় সফল নয়, বরং মহান আল্লাহর কাছে কবুলযোগ্য মানুষ বানানোই সবচেয়ে বড় সাফল্য।
কাজেই نساء صنعن أجيالاً এটা কোনো স্লোগান নয়, বরং এটি ইতিহাসের সারসংক্ষেপ। তলোয়ারে নয়, মুখের ভাষণে নয়, বরং কোলের ভেতর, চোখের দৃষ্টিতে ও দুআর অশ্রুতে এই নারীরাই গড়ে তুলেছেন প্রজন্ম। একজন নারী বদলালে একটি ঘর বদলায়। একটি ঘর বদলালে একটি সমাজ বদলায়। আর সমাজ বদলালে তবে ইতিহাস বদলায়।
– আব্দুল হাকীম মাদানী
আল-ইলম ইন্সটিটিউট রাজশাহী।













