সত্য (হক্ব) তার জন্য কঠিন, যার জন্য আল্লাহ তা কঠিন করে দেন। আর সত্য তার জন্য সহজ, যার জন্য আল্লাহ তা সহজ করে দেন।
সত্য কঠিন হয়ে যায় সেই ব্যক্তির জন্য, যে জ্ঞান অন্বেষণকারীদের মধ্যে পার্থক্য করতে পারে না। সে আলেম ও সাধারণ ছাত্রকে একই স্তরে দেখে। ফলে সে বিভ্রান্ত হয়ে পড়ে। একজন আলেম ও একজন অজ্ঞ ব্যক্তির মতপার্থক্যকেও সে আলেমদের মতভেদ মনে করে। আবার একজন জালিম ও একজন ন্যায়পরায়ণ ব্যক্তির বিরোধকেও সমান মর্যাদার দুই পক্ষের মতভেদ হিসেবে বিবেচনা করে।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে আলেম ও অজ্ঞ, জালিম ও ন্যায়পরায়ণ, আল্লাহর দিকে আহ্বানকারী ও নিজের স্বার্থের দিকে আহ্বানকারী, এবং যে সত্যের পথে মানুষকে পরিচালিত করে ও নিজেও সেই পথে চলে, তার সঙ্গে যে সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দেয়, তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে পারে।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে জাতীয় বা রাষ্ট্রীয় স্বার্থকে সমগ্র মুসলিম উম্মাহর স্বার্থের সমান মনে করে অথবা ইসলামের বৃহত্তর স্বার্থের চেয়ে সংকীর্ণ রাজনৈতিক ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে সর্বপ্রথম মুসলিম উম্মাহর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিবেচনা করে।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে শুধু নিজেকে সালাফের অনুসারী বলে দাবি করাকেই যথেষ্ট মনে করে, কিন্তু সালাফদের সর্বাঙ্গীন অনুসরণের বাস্তবতা বোঝে না।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে সাহাবায়ে কেরাম, তারপর তাবেয়ীন এবং তাঁদের পরবর্তী সৎ পূর্বসূরিদের জীবনাদর্শ ভালোভাবে জানে। সে এটাও জানে যে, সালাফদের অনুসরণ শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ নয়; বরং তাঁদের জীবনযাত্রা, চরিত্র, আকীদা, ইবাদত ও আচরণের সমগ্র আদর্শ অনুসরণ করাই প্রকৃত অনুসরণ।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে ইবাদত ও দোয়া ছেড়ে অনর্থক আলোচনা, বিতর্ক ও ঝগড়া-বিবাদে ব্যস্ত থাকে।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে বিনয়ী, একনিষ্ঠ ইবাদতকারী এবং আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে।
সত্য কঠিন হয়ে যায় তাড়াহুড়োকারী, অন্যায়কারী, অজ্ঞ, দুর্বলচিত্ত ও ভীরু মানুষের জন্য।
কিন্তু সত্য সহজ হয়ে যায় সেই ব্যক্তির জন্য, যে শান্ত, ভারসাম্যপূর্ণ, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল ও সাহসী।
সত্য কঠিন হয়ে যায় সেই মিথ্যাবাদীর জন্য, যার কাজ তার কথার বিপরীত।
কিন্তু সত্য সহজ হয়ে যায় সেই সত্যবাদীর জন্য, যার কথা ও কাজ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে দুনিয়াকে ভালোবাসে এবং তা আঁকড়ে ধরে থাকে। ফলে যে কোনো শরিয়তসম্মত দায়িত্ব, যাতে ত্যাগ, ধৈর্য, দৃঢ়তা ও কষ্ট সহ্য করতে হয়, তা তার কাছে ভারী মনে হয়।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে আখিরাতকে প্রাধান্য দেয় এবং আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।
সত্য কঠিন হয়ে যায় হিংসুক মানুষের জন্য।
কিন্তু সত্য সহজ হয়ে যায় সেই মুমিনের জন্য, যে বিশ্বাস করে আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা নিজের অনুগ্রহ দান করেন।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে নবী ﷺ-এর পূর্ণাঙ্গ জীবনাদর্শ সম্পর্কে অজ্ঞ। যে তাঁর সমগ্র জীবন, দাওয়াতের মূলনীতি, সিরাতের মৌলিক দিক এবং মানুষের সঙ্গে তাঁর আচরণের প্রকৃতি বোঝে না। বরং সে নবী ﷺ-এর সুন্নাহকে অনুসরণের বিষয় না বানিয়ে অন্য কিছুর অনুসারী করে রাখে।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ, কথা ও কর্মের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখে। যে দ্বীনের বিষয়গুলোর গুরুত্ব ও স্তরবিন্যাস বোঝে, নবী ﷺ যেটিকে অগ্রাধিকার দিয়েছেন সেটিকেই অগ্রাধিকার দেয়, এবং প্রতিটি বিষয়কে ঠিক সেই গুরুত্ব দেয়, যেটুকু গুরুত্ব রাসূলুল্লাহ ﷺ দিয়েছেন। সর্বোপরি, সে সুন্নাহকেই সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে অপরাধীদের পথ সম্পর্কে অজ্ঞ, মুনাফিকদের বাস্তবতা জানে না, মুসলিমদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সম্পর্কে সচেতন নয় এবং বর্তমান বাস্তবতার চাহিদা ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অনুধাবন করতে পারে না।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে অপরাধীদের পথ স্পষ্টভাবে চিনে ফেলেছে, বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করতে পারে এবং মুসলিম উম্মাহর বর্তমান বাস্তবতা, প্রয়োজন ও অগ্রাধিকারগুলো সঠিকভাবে বুঝতে সক্ষম।
সত্য কঠিন হয়ে যায় তার জন্য, যে জাতি ও সমাজ সম্পর্কে আল্লাহর নির্ধারিত নিয়ম (সুন্নাতুল্লাহ) বুঝে না। সে মনে করে, শুধু আবেগ, উদ্দীপনা এবং বাস্তব কারণ ও উপায় উপেক্ষা করেই সমাজ পরিবর্তন করা সম্ভব।
কিন্তু সত্য সহজ হয়ে যায় তার জন্য, যে আল্লাহর নির্ধারিত নিয়মগুলো ভালোভাবে বোঝে, যথাযথ উপায়-উপকরণ গ্রহণ করে এবং দুর্বলতার সময় হোক বা শক্তি ও বিজয়ের সময়, প্রত্যেক অবস্থায় ধৈর্য ও দৃঢ় বিশ্বাসকে সঙ্গে রাখে।




