আখিরাতের অনন্তকাল ও জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা
আখিরাতের অনন্তকালীনতার কথা ভাবলেই হৃদয় কেঁপে ওঠে।
দুনিয়ার জীবন যত দীর্ঘই মনে হোক, একদিন তার পরিসমাপ্তি ঘটবে। কিন্তু আখিরাতের জীবন এমন এক জীবন, যার আর কোনো শেষ নেই। সেখানে ফিরে আসার সুযোগ নেই, নতুন করে আমল করার সুযোগ নেই, হারানো সময় ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। দুনিয়ায় কোনো ভুল হয়ে গেলে মানুষ তাওবা করতে পারে, কোনো ঘাটতি থাকলে তা পূরণ করার চেষ্টা করতে পারে। কিন্তু মৃত্যুর পর আমলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
আর তখন মনে হয়, জান্নাত তো এক স্তরের নয়। তার রয়েছে বিভিন্ন মর্যাদা ও درجات। যদি আমার ভাগ্যে জান্নাতের সর্বনিম্ন স্তরটিই জোটে? যদি তখন বুঝতে পারি, দুনিয়ায় আরও একটু চেষ্টা করলে, আরও কিছু আমল করলে, আরও বেশি আল্লাহমুখী হলে হয়তো আজ আরও উচ্চ মর্যাদা লাভ করতে পারতাম! কিন্তু তখন তো আর কোনো সুযোগ থাকবে না। সময় শেষ, পরীক্ষা শেষ, আমলের খাতা বন্ধ।
হে আল্লাহ! সেই দিনের আফসোস থেকে আমাদের রক্ষা করুন।
আমরা শুধু জান্নাত চাই না, আমরা আপনার নৈকট্য চাই। আমরা শুধু কোনো একটি জান্নাতের স্তর চাই না, আমরা চাই জান্নাতুল ফিরদাউস। এমন একটি আবাস, যেখান থেকে আর কখনো বিচ্যুত হতে হবে না, যেখানে থাকবে না কোনো ভয়, দুঃখ, বিচ্ছেদ কিংবা অপূর্ণতা।
আল্লাহ তাআলা বলেন:
﴿خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا﴾
“তারা সেখানে চিরকাল থাকবে এবং সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না।”
সূরা আল-কাহফ, ১৮:১০৮
তাই দুনিয়ায় থাকতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আখিরাতে কী চাই। আজও সুযোগ আছে। আজও তাওবার দরজা খোলা। আজও সালাত আছে, কুরআন আছে, সিজদা আছে, দান-সদকা আছে, নেক আমলের সুযোগ আছে। আজও একটি অশ্রুবিন্দু, একটি গোপন দোয়া, একটি আন্তরিক তাওবা এবং একটি ছোট্ট নেক আমল আমাদের আখিরাতের মর্যাদা পরিবর্তনের কারণ হতে পারে।
কিন্তু একদিন এই সুযোগগুলো শেষ হয়ে যাবে।
সেদিন যেন আমাদের আফসোস করতে না হয় যে, জান্নাতের উচ্চতর স্তরগুলো আমাদের নাগালের বাইরে চলে গেছে অথচ দুনিয়াতে থাকতেই আমরা তার জন্য যথেষ্ট চেষ্টা করিনি।
হে আমাদের রব, আমাদের আমল অল্প হলেও আপনার রহমত দিয়ে তা কবুল করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদের দুনিয়ার জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এবং মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করুন।
اللهم إنا نسألك الفردوس الأعلى من الجنة، ونعوذ بك من النار.
হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই।





