আমাদের চরিত্রের অন্যতম একটি ভয়াবহ দিক হলো অন্যের অকল্যাণ কামনা করা। অন্যের সুখ দেখে যার মনে জ্বালা ধরে, অন্যের উন্নতি সহ্য করতে না পেরে যে ষড়যন্ত্রে নামে সে বুঝতে পারে না, এই অকল্যাণচিন্তা শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে।
আরবদের একটি প্রবাদ আছে, من حفر بئرا لأخيه وقع فيه -অর্থাৎ, যে তার ভাইয়ের জন্য কূপ খনন করে, সে-ই তাতে পড়ে। এই কথাটি শুধু প্রবাদ নয়, মানবজীবনের এক অব্যর্থ সত্য।
কুরআনে মহান আল্লাহ বলেন, وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ -অর্থাৎ, অশুভ/খারাপ ষড়যন্ত্র তারই উপর পতিত হয়, যে তা রচনা করে (সূরা ফাতির: ৪৩)। এই আয়াত যেন আমাদের মনে করিয়ে দেয়, অন্যের ক্ষতি করতে গিয়ে যে কুট-কৌশল মানুষ রচনা করে, শেষ পর্যন্ত সেই কৌশলই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।
ইতিহাসে এই সত্যের অসংখ্য উদাহরণ আছে। ফেরাউন ও হামান মূসা (আ:)-এর বিরোধিতা করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়। ইউসুফ (আ:)-এর ভাইয়েরা তাঁকে ধ্বংস করতে গিয়ে শেষে নিজেদের অপমান আর অনুতাপের জালে বন্দী হয়। মানুষ যতবার অন্যের জন্য কূপ খনন করেছে, ততবারই সেই কূপে তারই পতন ঘটেছে।
এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه -অর্থাৎ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে (বুখারী ও মুসলিম)। অর্থাৎ, সত্যিকারের ঈমানদার সেই, যে অন্যের জন্য কল্যাণ কামনা করে। যার হৃদয়ে হিংসা, বিদ্বেষ ও প্রতিশোধের আগুন জ্বলে, তার ঈমান পূর্ণতা পায় না।
দুঃখজনকভাবে, আজকের দিনে এই প্রবাদের চিত্র সর্বত্র দেখা যায়। কেউ সহকর্মীর পদচ্যুতি কামনা করে, কেউ সাথীর মানহানি ঘটাতে চায়, কেউ আবার বন্ধুর অগ্রগতি থামিয়ে দিতে কৌশল রচনা করে। কিন্তু ইতিহাসের নীতি নির্দয়, যে অন্যকে নিচে নামাতে চায়, সে নিজেই নিচে নেমে যায়। মহান আল্লাহর বিধান এমনই ন্যায়ভিত্তিক যে, অন্যায়ের ফাঁদে শেষ পর্যন্ত অন্যায়কারীই ধরা পড়ে।
মুমিনের হৃদয় হিংসায় নয়, ভালোবাসায় ভরা থাকে।
সে জানে ভাইয়ের উন্নতিই তার নিজের উন্নতি, ভাইয়ের নিরাপত্তাই তার নিজের শান্তি। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজেদের অন্তর পর্যালোচনা করি। কোথাও কি এমন কূপ খনন করছি, যেখানে একদিন নিজেই পড়ে যাব? যদি তাই হয়, তবে আজই থামি, তওবা করি, আর কল্যাণের পথে হাঁটি। কারণ শেষ পর্যন্ত, এই নীতি চিরন্তন, যে অন্যের জন্য কূপ খনন করে, সে-ই তাতে পড়ে।





